
নিয়োগ দুর্নীতি মামলায় ৫৯৫ দিন জেলে কাটানোর পর পঞ্চমীর দিন জামিন পেয়েছেন অভিযুক্ত মানিক ভট্টাচার্যের ঘনিষ্ঠ তাপস মণ্ডল। ইডি মামলায় আগেই জামিন পেলেও সিবিআই-এর মামলা চলার কারণে জেলমুক্তি হয়নি নিয়োগ দুর্নীতি মামলায় অভিযুক্ত তাপস মণ্ডলের।
তবে এবার ঠিক পুজোর মুখে প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় তাঁর জামিন মঞ্জুর করেছে আদালত। নিয়োগ দুর্নীতি মামলায় প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্যের গ্রেফতারির পরই তাঁর ঘনিষ্ঠ হিসেবে পরিচিত তাপস মণ্ডলের নাম উঠে আসে। ইডি-সিবিআই বারবার জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠিয়েছিল তাপসকে। কিন্তু শেষমেশ তাঁকে গ্রেফতারই করে দুই কেন্দ্রীয় সংস্থা ইডি ও সিবিআই। তাপস শুধু নিজের সংস্থাকে ব্যবহার করে মানিক সহ বাকি অভিযুক্তদের নির্দেশে চাকরি দেওয়ার জন্য টাকা তোলেননি, তিনি নিজের পরিবারের বেশ কয়েকজনকে চাকরি পাইয়ে দিয়েছিলেন, এমনই অভিযোগ ছিল তাঁর বিরুদ্ধে। নিয়োগ মামলাতেই গত মাসে জামিন পেয়েছিলেন মানিক ভট্টাচার্য। তার আগে শীর্ষ আদালত থেকে জামিন পেয়েছিলেন অন্যতম অভিযুক্ত প্রসন্ন রায়, প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন চেয়ারম্যান জেলবন্দি মানিক ভট্টাচার্যর স্ত্রী শতরূপা এবং ছেলে সৌভিক। এবার সেই তালিকায় ঢুকে স্বস্তির নিঃশ্বাস ফেলছেন তাপস মণ্ডল।









