
বীরভূমের কয়লাখনিতে বিস্ফোরণের ঘটনায় এনআইএ তদন্তের দাবিতে মামলার অনুমতি দিয়েছে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। বিস্ফোরণের ঘটনায় এনআইএ সঠিক তদন্ত করতে পারে বলে দাবি করে মামলা দায়েরের অনুমতি চেয়েছিলেন আইনজীবী অনিন্দ্যসুন্দর দাস।
এরপরই মামলা দায়েরের অনুমতি দিয়ে মঙ্গলবার হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম-র ডিভিশন বেঞ্চ জানিয়েছেন, আগামী ১৪ অক্টোবর এই মামলার শুনানি হওয়ার সম্ভাবনা। এদিকে পুজোর মুখে বীরভূমের লোকপুরের ভাদুলিয়ার কয়লাখনিতে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা কার্যত কাঁপন ধরিয়েছে এলাকায়। সোমবারের পর মঙ্গলবার সকালেও দুর্ঘটনাস্থলের চারিপাশ শিউরে ওঠার মতো অবস্থায় রয়েছে। খয়রাশোলের গঙ্গারামচক খনি এলাকায় ছড়িয়েছিটিয়ে পড়ে রয়েছে দেহাংশ। এদিকে, দুর্ঘটনার দীর্ঘক্ষণ পরও সেই জায়গা খোলা ছিল, ঘিরে দেওয়া হয়নি। সেখানে অবাধে যাতায়াত করেছেন এলাকার বাসিন্দারা।মঙ্গলবার সেখানকার পরিস্থিতি খতিয়ে দেখে বীরভূমের পুলিশ সুপার রাজনারায়ণ মুখোপাধ্যায় নিজে দাঁড়িয়ে থেকে এলাকায় ব্যারিকেড করে দিয়েছেন। ছিন্নভিন্ন হয়ে যাওয়া গাড়িও সংরক্ষণ করা হয়েছে নমুনা সংগ্রহের জন্য। পুলিশ জানিয়েছে, ফরেনসিক রিপোর্ট না পাওয়া পর্যন্ত এনিয়ে কিছুই নিশ্চিত করে বলা সম্ভব নয়। সূত্রের খবর, মঙ্গলবারই ফরেনসিক দল দুর্ঘটনাস্থলে গিয়ে নমুনা সংগ্রহ করবে।সোমবার দুপুরে গঙ্গারামচক কয়লাখনিতে ভয়াবহ বিস্ফোরণে ৭ জন শ্রমিক প্রাণ হারিয়েছিলেন।









