
অসহনীয় গরম থেকে স্বস্তি দিয়ে শুক্রবার সকাল থেকে কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলোয় শুরু হয়েছে বৃষ্টি। বৃহস্পতিবার রাত থেকে অল্পস্বল্প বৃষ্টি হলেও শুক্রবার ভোর রাত থেকে কলকাতা সহ জেলায় শুরু হয়েছে দফায় দফায় বৃষ্টি।
কলকাতা এবং দুই ২৪ পরগনায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। নদীয়া জেলাতেও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। শনি ও রবিবার পর্যন্ত বৃষ্টি বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। পশ্চিমের জেলাগুলিতে শুক্র – শনিবার দিনভর বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অন্যদিকে, উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনার কথা শুনিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। শুক্রবার ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা থাকবে আলিপুরদুয়ার জেলায়। এছাড়া দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কোচবিহার জেলায় ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে মালদা উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলাতে। শনিবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি জেলার বিভিন্ন এলাকায়।কিন্তু আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুসারে, দক্ষিণবঙ্গের বৃষ্টি খুব একটা স্বস্তি দিতে পারবে না। রবিবার থেকেই বৃষ্টির সম্ভাবনা কমবে । কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আংশিক মেঘলা আকাশ থাকলেও, সন্তোষজনক বৃষ্টি হবে না।









