
আফগানিস্তান সীমান্তে পাক হামলায় মৃত ১৭। আফগানিস্তানের সীমান্ত লাগোয়া নানগড়হর এবং পাকটিকা প্রদেশে হামলায় মৃত্যু হয়েছে কমপক্ষে ১৭ জনের। আহত বহু।
আহতরা বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলেই মনে করা হচ্ছে। মৃতদের মধ্যে শিশু ও মহিলাও রয়েছেন বলে জানা গিয়েছে। আফগানিস্তানের সীমান্ত এলাকায় জঙ্গি আস্তানা লক্ষ্য করে বিমান ও ড্রোন হামলা চালিয়েছে পাকিস্তান সেনা। ইসলামাবাদের একটি শিয়া মসজিদে আত্মঘাতী হামলাসহ সম্প্রতি পাকিস্তানের বিভিন্ন জায়গায় হামলার জেরে এই অভিযান চালানো হয়েছে বলে সূত্রের খবর। পাক তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে হামলার কথা স্বীকার করেছেন।
গত সপ্তাহে রমজান শুরু হওয়ার পর থেকে তিনটি হামলা হয়েছে বলে জানিয়েছেন। আফগান সরকারের তরফে পাকিস্তানের এই হামলার কড়া নিন্দা করা হয়েছে। পাকিস্তানের পক্ষ থেকে জানানো হয়েছে আফগানিস্তানের মাটিকে ব্যবহার করে যাতে সন্ত্রাসবাদী গোষ্ঠীগুলো হামলা না চালাতে পারে সেই বিষয়ে তালিবান সরকারকে বারবার জানানো সত্ত্বেও কোনো পদক্ষেপ না নেওয়ায় এই সিদ্ধান্ত বলে দাবি তাদের।









