
ডেটিং এপ্লিকেশন সূত্রে আলাপ। একসঙ্গে লিভ ইনে থাকার সিদ্ধান্ত। সেই লিভ-ইন সঙ্গীর বিরুদ্ধে হেনস্থার অভিযোগ তুললেন ত্রিপুরার তরুণী।
ত্রিপুরার বাসিন্দা হলেও পড়াশোনার সূত্রে তিনি হরিয়ানার গুরুগ্রামে থাকেন।বিয়ে নিয়ে আলোচনার সময় তাঁদের মধ্যে কথা কাটাকাটি হয়। তখনই তরুণীকে হেনস্থা করেন অভিযুক্ত। জানা যাচ্ছে অভিযুক্তের নাম শিভম। দুজনের বয়স ১৯ বছর। অভিযোগ, টানা তিন দিন তরুণীর উপর অত্যাচার চলেছে। তাঁর যৌনাঙ্গে স্যানিটাইজার ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে।
মাথা ঠুকে দেওয়া হয়েছে দেওয়ালে। এমনকি, মাথায় কাচের বোতলও ভেঙেছেন অভিযুক্ত। তরুণীর অভিযোগ, ছুরি নিয়ে তাঁর দিকে তেড়ে এসেছিলেন যুবক। তাঁকে খুনের চেষ্টা করেছিলেন। গুরুতর জখম অবস্থায় গুরুগ্রামের হাসপাতালে চিকিৎসাধীন তরুণী। তাঁর অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যেই যুবককে গ্রেফতার করেছে পুলিশ। যুবকের বিরুদ্ধে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ধর্ষণের অভিযোগ আনা হয়েছে।









