
প্রথম দফার ভোটে কাজ করা ২৬ জন পুলিশ অফিসারকে দ্বিতীয় দফার ভোটেও কাজে লাগানো হচ্ছে। ওই পুলিশ অফিসারদের কখন, কোথায় দায়িত্ব নিতে হবে, তা জানিয়ে দেওয়া হয়েছে।
সোমবার রাজ্য পুলিশের অতিরিক্ত ডিজি আইনশৃঙ্খলা-র তরফে একটি বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে, সংশ্লিষ্ট পুলিশ অফিসারদের দায়িত্ব বুঝে নিতে হবে। মুর্শিদাবাদের লালবাগের অতিরিক্ত পুলিশ সুপার সিদ্ধার দোরজি, ডালখোলার এসডিপিও রবিরাজ অবস্তী, ঘাটালের এসডিপিও গায়কোয়াড় নীলেশ শ্রীকান্ত এবং নকশালবাড়ির এসডিপিও সৌম্যজিৎ রায়কে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটে গিয়ে দায়িত্বভার গ্রহণ করতে বলা হয়েছে। রায়গঞ্জ পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার সামির আহমেদ, পুরুলিয়ার অতিরিক্ত পুলিশ সুপার জর্জ অ্যালেন জন এবং রাজ্যের স্পেশ্যাল টাস্ক ফোর্সের সহকারী পুলিশ সুপার আকাশদীপ গহলৌতকে ডায়মন্ড হারবার পুলিশ জেলায় দায়িত্ব নিতে বলা হয়েছে।
চন্দননগর পুলিশ কমিশনারেটে পাঠানো হচ্ছে বর্তমানে সিআইডি-তে কর্মরত জে মার্সি এবং ইনটেলিজেন্স ব্রাঞ্চে কর্মরত খন্ডবহলে উমেশ গণপতকে। হাওড়া পুলিশ কমিশনারেটে পাঠানো হচ্ছে আইপিএস আধিকারিক প্রবীণ প্রকাশকে।







