
টিভিকে দলের প্রধান বিজয় থালাপতির জনসভায় মাত্রাতিরিক্ত ভিড় এবং হুড়োহুড়িতে পদপিষ্ট হয়ে মৃত্যু হয়েছে ৩৯ জনের। হাসপাতালে ভর্তি রয়েছেন শতাধিক। বেশিরভাগেরই আশঙ্কাজনক পরিস্থিতি। উদ্বেগ প্রকাশ করেছেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রীর এমকে স্ট্যালিন।
উদ্বেগ প্রকাশ করেছেন খোদ প্রধানমন্ত্রী মোদীও। কী হয়েছে? ঘটনা তামিলনাড়ুর কারুর এলাকার। সেখানে তামিলাগা ভেটরি কাজাগম বা টিভিকে তরফে একটি জনসভার আয়োজন করেছিলেন দলের প্রতিষ্ঠাতা তথা অভিনেতা থালাপতি বিজয়। তাঁর জনসভাতেই তৈরি হয় হুড়োহুড়ি। বিভিন্ন সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, শনিবার মাত্রাতিরিক্ত ভিড়ের কারণেই জনসভায় অসুস্থ হয়ে পড়েন বেশ কয়েকজন। মিছিল শুরু হতেই তৈরি হয় হুড়োহুড়ি। ঘটে পদপিষ্টের ঘটনা। কেউ কেউ অসুস্থ হয়ে পড়েন। কেউ আবার জ্ঞান হারান। কারওর আবার ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে। প্রাথমিকভাবে অনুমান, জনসভায় অনেক বেশি ভিড় হয়েছিল। এত পরিমাণ লোক আসবেন, তা উদ্যোক্তারাও আশা করতে পারেননি। তারপর আবার বিজয় বক্তৃতা দিতে উঠতেই ভিড় আরও বাড়তে থাকে।
কেউ আবার বলছেন, কারুরে প্রবেশের সময় অনেকটা সময় লাগিয়ে দিয়েছিলেন বিজয়। একটি বাসে চড়ে মিছিল করে কারুরে প্রবেশ করেন। নির্ধারিত সময়েরও দু’ঘণ্টা পরে জনসভায় পৌঁছন। যার জেরে বাড়ে ভিড়। শুরু হয় হুড়োহুড়ি। পরিস্থিতি পর্যালোচনা করে কী কী ব্যবস্থা নেওয়া হয়েছে তা জানতে তামিলনাড়ুর সরকারের জবাব তলব করেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক।







