
আরজি কর কাণ্ডে রাজ্যজুড়ে চিকিৎসা পরিষেবা স্বাভাবিক রাখতে কর্মবিরতি প্রত্যাহারের আবেদন জানিয়েছেন রাজ্যের স্বাস্থ্যসচিব নারায়ণস্বরূপ নিগম। তিনি আরও বলেছেন, চিকিৎসকদের মর্যাদা রক্ষাকে সর্বাধিক গুরুত্ব দেয় সরকার।
আরজি কর মেডিক্যালে যা হয়েছে, তার কঠোর নিন্দা করে সরকার। ১২ ঘণ্টার মধ্যে এই ঘটনায় অপরাধী গ্রেফতার হয়েছে। স্বাস্থ্যসচিব আরও বলেছেন, মুখ্যমন্ত্রী নিহত তরুণী চিকিৎসকের বাড়ি গিয়ে উপযুক্ত তদন্তের আশ্বাস দিয়েছেন। এরপরেও দেখা যাচ্ছে রাজ্যজুড়ে রেসিডেন্ট চিকিৎসকদের আন্দোলনে পরিষেবা বিঘ্নিত হচ্ছে। কিন্তু রোগীদের কথা ভেবে পরিষেবা স্বাভাবিক করতে হবে। সাংবাদিক বৈঠক ডেকেও সাংবাদিকদের প্রায় কোনও প্রশ্নেরই জবাব দিলেন না রাজ্যের স্বাস্থ্যসচিব নারায়ণ স্বরূপ নিগম। বদলে স্বাস্থ্যভবনে হাজারো প্রশ্ন নিয়ে উপস্থিত সাংবাদিকদের সামনে একটি লিখিত বিবৃতি পাঠ করে গিয়েছেন নারায়ণ। পরে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে কম বেশি একই কথা বলে চার মিনিটেরও কিছু কম সময়ে বৈঠক শেষ করে চলে গেলেন স্বাস্থ্যসচিব।









