
ফের দুর্ঘটনা রাজস্থানে। জয়পুরের লোহামান্দি রোডে বেপরোয়া ট্রাক গাড়ি, মোটরবাইক, পথচারীদের ধাক্কা মারতে মারতে প্রায় পাঁচ কিলোমিটার পথ নিয়ে যায়।
পুলিশ সূত্রে জানা যাচ্ছে, দুর্ঘটনায় মৃত ১০, আহত ৫০। প্রত্যক্ষদর্শীদের দাবি , ওই ট্রাকের চালক মত্ত অবস্থায় ছিলেন। ইতিমধ্যেই পুলিশ আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করেছে। নিহতদের উদ্ধার করা হয়েছে। তাদের শনাক্তকরণের কাজ চলছে। রবিবার রাতেই রাজস্থানে আরেকটি পথ দুর্ঘটনা ঘটে। রাজস্থানে যোধপুরের ফলোদির মাতোদি গ্রামের কাছে ভারতমালা এক্সপ্রেসওয়েতে রাস্তায় দাঁড়িয়ে থাকা ট্রেলারে ধাক্কা মারে পুণ্যার্থীবোঝাই ট্রাভেলার বাস। দুর্ঘটনায় মৃত ১৫।
পুলিশ সূত্রে খবর , মৃতদের বাড়ি রাজস্থানের সুরসাগর এলাকায় এবং তারা সকলে একই পরিবারের সদস্য। কপিলমুনি আশ্রমে প্রার্থনা শেষে রাজস্থানের বিকানের কোলায়েত মন্দির থেকে ফিরছিলেন তারা। প্রত্যক্ষদর্শীদের মতে, ট্রেলারে ধাক্কা লাগার পর বাসের সামনের দিকটা দুমড়ে মুচড়ে গেছে। এই মর্মান্তিক ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের পথ দুর্ঘটনা রাজস্থানে।









