
অভিবাসনবিরোধী অভিযানের জেরে সৃষ্ট অস্থির পরিস্থিতির মধ্যে আমেরিকার মিনেসোটা অঙ্গরাজ্যে মোতায়েনের জন্য ১ হাজার ৫০০ মার্কিন সেনাকে প্রস্তুত থাকতে নির্দেশ দিয়েছে পেন্টাগন।
এই প্রস্তুতির খবর এসেছে এমন এক সময়ে, যখন কয়েক দিন আগে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইনসারেকশন অ্যাক্ট প্রয়োগের হুমকি দিয়েছিলেন।এই আইন সশস্ত্র বিদ্রোহ বা গুরুতর ঘরোয়া সহিংসতা দমনে সামরিক বাহিনী ব্যবহারের সুযোগ দেয়। তবে এক দিন পর প্রেসিডেন্ট ট্রাম্প জানান, আপাতত এই আইন প্রয়োগের প্রয়োজন নেই। নাম প্রকাশে অনিচ্ছুক দুই প্রতিরক্ষা কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে বলা হয়েছে, আলাস্কায় অবস্থানরত সক্রিয় দায়িত্বে থাকা সেনাবাহিনীর ১ হাজার ৫০০ প্যারাট্রুপারকে সতর্ক অবস্থায় রাখা হয়েছে।
উল্লেখ্য আমেরিকায় ইনসারেকশন অ্যাক্ট শেষ প্রয়োগ করা হয়েছিল ৩০ বছরেরও বেশি আগে। বিশ্লেষকদের মতে, ফেডারেল সরকারের পক্ষ থেকে সেনা মোতায়েনের সিদ্ধান্ত নিলে মিনেসোটায় হোয়াইট হাউস ও স্থানীয় কর্তৃপক্ষের মধ্যে বর্তমান উত্তেজনা আরো বাড়তে পারে।









