
বুধবারের রাতের পর বৃহস্পতিবারও বাংলাদেশের ঢাকায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতিবিজড়িত ৩২ নম্বর ধানমন্ডির বাড়ি ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। বাড়িটির সামনে জড়ো হওয়া কয়েক জন বলেছেন, স্বৈরাচারের কোনও চিহ্ন তাঁরা রাখতে চান না।
ভবনের বড় অংশ ভাঙার পর মানুষকে উল্লাস করতেও দেখা গিয়েছে। বুধবার ভার্চুয়ালি হাসিনার ভাষণ শুরুর আগেই সেই রোষ গিয়ে পড়ে ৩২ নম্বর ধানমন্ডির বাড়িতে। মুজিবের বাড়িতে তাণ্ডব, ভাঙচুর চালায় জনতা। পরে সেখানে অগ্নিসংযোগ করা হয়।এর পর বেশি রাতের দিকে বুলডোজোর, ক্রেন, ভ্যাকুয়ম মেশিন নিয়ে আসা হয়। শুরু হয় মুজিবের স্মৃতি জড়ানো ৩২ নম্বর ধানমন্ডির বাড়ি ভাঙার কাজ। ৫ অগাস্টের পর আবারও ফেব্রুয়ারিতে বাংলাদেশে জনতার নিশানার মুখে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, শেখ হাসিনা সহ আওয়ামী লিগ নেতৃত্ব। বুলডোজার, ক্রেন এনে ৩২ নম্বর ধানমন্ডি গুঁড়িয়ে দিয়েও রোষ মেটেনি বাংলাদেশের বিক্ষোভকারীদের। বুধবার রাত থেকেই দেশের বিভিন্ন প্রান্তে শুরু হয়ে গিয়েছে উন্মত্ত জনতার হামলা। নিশানায় জাতির জনক শেখ মুজিবুর রহমান, তাঁর কন্যা হাসিনা-সহ আওয়ামী লীগের নেতারা। ভাঙচুর অগ্নিসংযোগের পাশাপাশি চলছে দেদার লুটপাটও। ধানমন্ডির ৫/এ-তে হাসিনার বাড়ি সুধা সদনেও আগুন ধরিয়ে দেওয়া হয় বুধবার রাতে। প্রত্যক্ষদর্শীরা জানান, রাতে সাড়ে ১০টার পরে ধানমন্ডিতে হাসিনার বাসভবনে আগুন ধরিয়ে দেন কয়েক জন। রাজধানী ঢাকার অদূরে সাভারের জাহাঙ্গিরনগর বিশ্ববিদ্যালয়ে বুধবার রাতে বঙ্গবন্ধু মুজিব এবং হাসিনার ম্যুরাল ভেঙে দেন একদল বিক্ষোভকারী। সেখানকার আল বেরুনী হলের দেয়ালে আঁকা বঙ্গবন্ধুর গ্রাফিতিও রং দিয়ে মুছে দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা-কর্মীরা। খুলনার ময়লাপোতা এলাকায় ভেঙে দেওয়া হয়েছে শেখ বাড়ি। সেটি ছিল হাসিনার কাকার বাড়ি। কুষ্টিয়ায় বুলডোজার চলেছে প্রাক্তন আওয়ামী লীগ সাংসদ মাহবুব উল আলম হানিফের বাড়িতে। হামলাকারীদের দাবি, আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে। এদিকে, নোয়াখালীতে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওয়াবদুল কাদেরের বাড়িতেও হামলা চালানো হয়েছে। ঢাকার বাইরে রাজশাহী, খুলনা, চট্টগ্রাম, বরিশাল, রংপুর, সিলেটেও রাতভর মুজিবকে মুছে ফেলার কাজ চলেছে।
বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা ক্যাম্পাস থেকে বেরিয়ে শাবল, কুড়ুল হাতে ঘুরে ঘুরে মুজিবের অবশিষ্ট মূর্তি, ম্যুরাল এবং শেখ হাসিনার নাম লেখা ফলক গুঁড়িয়ে দেয়। সেই সঙ্গে চলে উল্লাস।







