
ভাঙড়ের প্রাক্তন তৃণমূল কংগ্রেস বিধায়ক আরাবুল ইসলামকে ক্যানিং পূর্ব কেন্দ্র থেকে প্রার্থী করেছে আইএসএফ। সোমবার ২৩টি বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করেছে আইএসএফ।
ক্যানিং পূর্বের বিদায়ী বিধায়ক সওকত মোল্লাকে এ বার ভাঙড় থেকে প্রার্থী করেছে তৃণমূল। তিনি ভাঙড়ে তৃণমূলের পর্যবেক্ষক থাকাকালীন বার বার আরাবুলের সঙ্গে বিতণ্ডা প্রকাশ্যে এসেছে। তৃণমূলে তাজা নেতা বলে পরিচিত আরাবুলকে ক্যানিং পূর্ব থেকে টিকিট দেওয়া নওশাদের তাৎপর্যপূর্ণ সিদ্ধান্ত বলে মনে করা হচ্ছে। নওশাদ নিজে আবার ভাঙড় থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। মধ্যমগ্রামে আইএসএফ টিকিট দিয়েছে প্রাক্তন এসএফআই নেত্রী প্রিয়াঙ্কা বর্মণ-কে। এ ছাড়া তৃণমূল ছেড়ে আইএসএফে যোগ দিয়েই দেগঙ্গা বিধানসভার প্রার্থী হলেন উত্তর ২৪ পরগনা জেলা পরিষদের বিদ্যুৎ কর্মাধ্যক্ষ মফিদুল হক সাহাজি। আইএসএফ চেয়ারম্যান তথা ভাঙড়ের বিদায়ী বিধায়ক নওশাদ সিদিক্কি ফুরফুরা থেকে প্রার্থীদের নাম ঘোষণার সময় জানিয়েছেন, উত্তর ২৪ পরগনার করেকটি আসন নিয়ে এখনও জট কাটেনি।
তাঁর কথায়, সাত মাস ধরে আলোচনা হয়েছে। আর একটা দিন অপেক্ষা করেই আগামী বুধবার দ্বিতীয় তালিকা প্রকাশ করা হবে।






