
৫৪ দিনের শিশুকে ভ্যাকসিন দেওয়ার পরেই মৃত্যুর অভিযোগ ঘিরে উত্তপ্ত জলপাইগুড়ির লাটাগুড়ি। স্বাস্থ্যকেন্দ্রের গাফিলতির অভিযোগ তুলে জলপাইগুড়ির লাটাগুড়িতে পথ অবরোধ করেন শিশুর পরিবার এবং স্থানীয়রা।
শুক্রবার সকালেই পরিবারের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন ডিওয়াইএফআই নেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায়। প্রশ্ন তুলেছেন রাজ্যের স্বাস্থ্য পরিকাঠামো নিয়ে। তাঁর দাবি শিশুর মৃত্যুর দায় নিতে হবে রাজ্যকে। বুধবার সঙ্গে লাটাগুড়ির গ্রাম পঞ্চায়েতের উত্তর ঝাড়মাটিয়ালি সুস্বাস্থ্যকেন্দ্রে ভ্যাকসিন দিতে নিয়ে গিয়েছেন মা কবিতা অধিকারী এবং বাবা কৌশিক অধিকারী। অভিযোগ ভ্যাকসিন দেওয়ার পর রাতে শিশুর শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। শিশুটিকে জ্বরের ওষুধ খাওয়ান তাঁর মা। অভিযোগ এর কিছু পরেই শিশুর মুখ দিয়ে রক্ত বের হতে থাকে। এরপর হাসপাতালে নিয়ে গেলে মৃত্যু হয় শিশুটির।
পরিবারের অভিযোগ ভ্যাকসিন নেওয়ার জন্যই শিশুর মৃত্যু হয়েছে। এরপরেই জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভশুরু হয়।






