
মধ্যপ্রদেশে কোল্ডরিফ কাশির সিরাপ খেয়ে ১১ শিশুর মৃত্যুর পর সে রাজ্যের ছিন্দেয়ারা থেকে এক শিশু বিশেষজ্ঞকে গ্রেফতার করা হয়েছে। জানা গিয়েছে, ওই চিকিৎসকের নাম ডঃ প্রবীণ সোনি।
মৃত শিশুর অধিকাংশের শুশ্রুষা করেছিলেন তিনিই। অভিযোগ, ডঃ সোনিই অসুস্থ শিশুদের ওই কোল্ডরিফ সিরাপ খাওয়ানোর পরামর্শ দিয়েছিলেন। মধ্য প্রদেশ সরকার শ্রীসান ফার্মাসিউটিকাল, তামিলনাড়ুর কাঞ্চিপুরমের যে কোম্পানি এই কোল্ডরিফ সিরাপ তৈরি করেছে, তাদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে। শনিবারই মধ্য প্রদেশে কোল্ডরিফ সিরাপ বিক্রি, রাখা নিষিদ্ধ করে দেওয়া হয়েছে। রাজস্থান, তামিলনাডুতেও নিষিদ্ধ করা হয়েছে এই সিরাপ। সিরাপের ল্যাবরেটরি পরীক্ষা করে জানা গিয়েছে, কোল্ডরিফ সিরাপে ৪৮ দশমিক ৬ শতাংশ ডায়থিলান গ্লাইকল মেশানো হয়েছিল, যা নির্দিষ্ট সীমার থেকে অনেক বেশি। এর ফলেই সিরাপ বিষাক্ত হয়ে ওঠে। এমনিও এটি বিষাক্ত পদার্থ।
তামিলনাড়ু ডিরেক্টরেট অব ড্রাগ কন্ট্রোলের তরফেও জানানো হয়েছে এই সিরাপ স্ট্যান্ডার্ড কোয়ালিটির নয়। তামিলনাডুতে কোল্ডরিফের পাশাপাশি নেক্টক্সো-ডিএস নামক আরেকটি সিরাপের বিক্রিও আপাতত বন্ধ রাখা হয়েছে। এই সিরাপের রিপোর্ট এখনও আসেনি।







