
আর্থিক মন্দার মুখোমুখি হতে পারে আমেরিকা। সেই সম্ভাবনা উড়িয়ে দিচ্ছেন না খোদ প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একটি বেসরকারি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাত্কারে ট্রাম্প বলেন, আমেরিকার অর্থনীতি একটি পরিবর্তনের পদ্ধতির মধ্যে গিয়ে এগোচ্ছে। যেখানে আগে থেকে কোনও ভবিষ্যদ্বাণী করা যায় না। আমেরিকার প্রেসিডেন্টের কুর্সিতে দ্বিতীয় দফায় বসার পর, কে বন্ধু, কে শত্রু তা বিচার করছেন না ট্রাম্প।
প্রতিবেশী কানাডা এবং মেক্সিকোর বিরুদ্ধে ২৫ শতাংশ শুল্ক আরোপের কথা ঘোষণা করেছিলেন ট্রাম্প। তবে ঘোষণার কিছুদিনের মধ্যে কানাডা এবং মেক্সিকোর ওপর পণ্যে শুল্ক আবার প্রত্যাহার করে নেওয়া হয় । চিনের ওপরও শুল্ক চাপিয়েছেন ট্রাম্প। পাল্টা দিতে আসরে নেমে পড়েছে চিনও। এই অবস্থায় আমেরিকায় বেশ কিছু পণ্যের দাম বেড়ে গিয়েছে।
শেয়ার বাজারেও তার প্রভাব পড়ায় অনিশ্চযতায় ভুগছেন মার্কিন ব্যবসায়ীরা। আমেরিকা বিশ্বের বৃহত্তম অর্থনীতি। তা মন্দার মুখোমুখি হলে সারা বিশ্বের অর্থনীতিতেই এর নেতিবাচক প্রভাব পড়বে।









