
যুদ্ধবিধ্বস্ত গাজার পুনর্গঠনের জন্য বোর্ড অফ পিস-এর সদস্যেরা ৫০০ কোটি ডলারেরও বেশি অর্থসাহায্য করার আশ্বাস দিয়েছেন! সোশ্যালে পোস্ট করে এমনটাই দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
তিনি জানিয়েছেন, বৃহস্পতিবার ওয়াশিংটনে বোর্ড অফ পিস-এর সদস্যদের নিয়ে প্রথম বৈঠকটি হবে। সেই বৈঠক থেকেই অর্থসাহায্য সংক্রান্ত ঘোষণা হতে পারে বলে জানিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। ইজরায়েল এবং প্যালেস্টাইনি সশস্ত্র সংগঠন হামাসের সংঘাতে কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে গাজা। এই পরিস্থিতিতে গাজার পুনর্গঠনের জন্য ট্রাম্পের উদ্যোগেই ২৩ জানুয়ারি আনুষ্ঠানিক ভাবে বোর্ড অফ পিস-এর সূচনা হয়।
আমেরিকার তরফে ভারত-সহ প্রায় ৬০টি দেশকে এই শান্তিগোষ্ঠীতে যোগ দেওয়ার আমন্ত্রণ জানানো হলেও ওয়াশিংটনের আহ্বানে এখনও অবধি সাড়া দিয়েছে কমবেশি ২০টি দেশ।







