
সব কিছু ঠিকঠাক চললে নভেম্বরেই শুরু হতে চলেছে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন-র কাজ। বুধবার থেকে দিল্লিতে শুরু হয়েছে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের গুরুত্বপূর্ণ বৈঠক।
সেখানে উপস্থিত রয়েছেন সব রাজ্যের সিইওরা। আর সেই বৈঠকেই পশ্চিমবঙ্গ-সহ পাঁচ রাজ্যের সিইওদের জানিয়ে দেওয়া হয়েছে স্পষ্ট নির্দেশ, অক্টোবরের মধ্যেই প্রস্তুতি শেষ করতে হবে! পশ্চিমবঙ্গ, অসম, তামিলনাড়ু, কেরল এবং পুদুচেরী— এই পাঁচ রাজ্যের নির্বাচনী প্রস্তুতি খতিয়ে দেখতে কমিশনের ফুল বেঞ্চ সংশ্লিষ্ট রাজ্যের সিইও-দের সঙ্গে আলাদা আলাদা করে বৈঠকে বসে। সূত্রের খবর, নভেম্বরের প্রথম দিকেই শুরু হতে পারে এসআইআর-র প্রথম পর্যায়ের কাজ। ইন্ডিয়া ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ফর ডেমোক্রেসি অ্যান্ড ইলেকটোরাল ম্যানেজমেন্ট-এ দু’দিন ধরে চলছে এই বৈঠক।
সভাপতিত্ব করছেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার, সঙ্গে রয়েছেন দুই কমিশনার ড. সুখবীর সিং সান্ধু ও ড. বিবেক জোশি। হাজির দেশের সব রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের মুখ্য নির্বাচনী আধিকারিকরা।






