
পর্তুগিজ মহাতারকা রোনালদো গুড বয় হয়ে থাকার যে প্রতিশ্রুতি দিয়েছিলেন তা রাখতে পারলেন না।ক্যারিয়ারে প্রথমবারের মতো পর্তুগালের জার্সিতে লাল কার্ড দেখলেন তিনি।
আর তাই আইরিশদের বিপক্ষে ঘুরে দাঁড়ানো হয়নি ১০ জনের পর্তুগালের।ডাবলিনে নেশনস লিগ চ্যাম্পিয়ন পর্তুগালকে ২-০ গোলে হারিয়ে চমকে দিয়েছে আয়ারল্যান্ড।এই জয়ে ২০২৬ বিশ্বকাপে যাওয়ার ক্ষীণ আশা বাঁচিয়ে রাখল আইরিশরা। এক যুগেরও বেশি সময় বড় কোনো টুর্নামেন্টে না খেলা আয়ারল্যান্ডকে টিকে থাকতে হলে লাগতো অন্তত ড্র। কিন্তু তারা করল তার চেয়েও বেশি কিছু। প্রথমার্ধেই ট্রয় পাররটের জোড়া গোলে লিড পায় আয়ারল্যান্ড।১৭ মিনিটে লিয়াম স্কেলসের হেড ফিরে এলে কাছ থেকে গোল করতে ভুল করেননি পাররট। এরপর বিরতির ঠিক আগে দুর্দান্ত এক দূরপাল্লার শটে বাড়িয়ে দেন ব্যবধান। ম্যাচের ৬০ মিনিটে দারা ও’শের পেছনে কনুই চালানোর জন্য রোনালদোকে প্রথমে দেখানো হয় হলুদ কার্ড। ভিএআর দেখে সেটি বদলে যায় সরাসরি লাল কার্ডে।মাঠ ছাড়ার সময় আয়ারল্যান্ড সমর্থকদের দিকে ব্যঙ্গাত্মক তালি দেন রোনালদো। এক মাস আগে লিসবনে শেষ মুহূর্তের নাটকে বিশ্বকাপের সরাসরি টিকিট পাওয়া মিস করেছিল পর্তুগাল।এবার আয়ারল্যান্ডের বিপক্ষে হার তাদের সেই অপেক্ষা আরো দীর্ঘ করল।
গ্রুপ এফ-এ ৫ ম্যাচ শেষে ১০ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে তারা,তবে হাঙ্গেরির থেকে ব্যবধান মাত্র দু’ পয়েন্ট। আর সমান ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে আয়ারল্যান্ড।









