
সকাল থেকেই ঘন কালো মেঘে ঢেকেছে কলকাতা সহ পার্শ্ববর্তী এলাকার আকাশ। পাশাপাশি শুরু হয়েছে ঝিরিঝিরি বৃষ্টিও। সঙ্গে ৩০ থেকে ৪০ কিমি বেগে বইছে দমকা হাওয়াও।
শনিবার সন্ধ্যায় কলকাতায় আইপিএলের উদ্বোধনী অনুষ্ঠান রয়েছে। তার পর বিরাট কোহলির আরসিবি-র মুখোমুখি হবে কলকাতা নাইট রাইডার্স। কিন্তু আবহাওয়ার পূর্বাভাস বলছে, ম্যাচে কাঁটা হতে পারে বৃষ্টি। শনিবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ঝড়ের বেগ বেশি থাকতে পারে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পূর্ব বর্ধমান, বীরভূম, নদিয়া এবং মুর্শিদাবাদে। এই জেলাগুলিতে শিলাবৃষ্টি হতে পারে। দমকা হাওয়ার বেগ থাকতে পারে ৪০ থেকে ৫০ কিলোমিটার।
উত্তরবঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টি এবং ঝোড়ো হাওয়া চলবে দার্জিলিং থেকে শুরু করে মালদহ পর্যন্ত, উত্তরের আটটি জেলাতেই। তার মধ্যে দক্ষিণ দিনাজপুর, আলিপুরদুয়ার, মালদহ এবং কালিম্পঙে কমলা সতর্কতা জারি করা হয়েছে।






