
স্ত্রীর সম্পত্তি বা স্ত্রীধনে কোনও নিয়ন্ত্রণ থাকা উচিত নয় স্বামীর। এক মামলায় এমনটাই জানিয়েছে সুপ্রিম কোর্ট। একইসঙ্গে শীর্ষ আদালত জানিয়ে দিয়েছে, সমস্যায় পড়ে সেই অর্থ নিলেও পরে স্ত্রীকে তা ফিরিয়ে দেওয়া স্বামীর নৈতিক কর্তব্যের মধ্যে পড়ে।
সংশ্লিষ্ট মামলায় স্ত্রীকে ২৫ লাখ টাকা দেওয়ার নির্দেশও দিয়েছে বিচারপতি সঞ্জীব খান্না ও বিচারপতি দীপঙ্কর দত্তর বেঞ্চ।ওই মহিলার দাবি ছিল, বিয়ের সময় বিপুল সোনা তাঁকে উপহার দেন তাঁর বাবা। পাশাপাশি ২ লাখ টাকাও দিয়েছিলেন তিনি। কিন্তু বিয়ের প্রথম রাতেই সেই গয়না ও অর্থ হাতিয়ে নেন তাঁর স্বামী। দিয়ে দেন নিজের মাকে। অভিযোগ, ওই গয়না-টাকার সম্মিলিত অর্থই তাঁরা খরচ করে ফেলেন। আগে থেকেই বিপুল দেনায় ডুবেছিল তাদের পরিবার। সেই ধার শোধ করতেই খরচ করা হয়েছে ওই অর্থ। এরপরই আদালতের দ্বারস্থ হন ওই গৃহবধূ। ২০১১ সালে পারিবারিক আদালত জানায়, মহিলার স্বামী ও শাশুড়ি যেভাবে সোনার গয়না ও টাকা হাতিয়ে নিয়েছেন তা ঠিক নয়। তাদের ওই অর্থ ফিরিয়ে দিতে হবে অভিযোগকারিণীকে। কিন্তু মামলা কেরল হাইকোর্টে গড়ায়। উচ্চ আদালত বলে, মহিলার গয়না ও অর্থের যে অপব্যবহার হয়েছে তা প্রমাণ হচ্ছে না। এরপর গৃহবধূ যান সুপ্রিম কোর্টে।









