
ব্রিটেনের সঙ্গে মুক্ত বাণিজ্যচুক্তি স্বাক্ষর করেছে ভারত। বৃহস্পতিবার লন্ডন থেকে যৌথ সাংবাদিক বৈঠকে এই ঘোষণা করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ের স্টারমার। বৃহস্পতিবার লন্ডনে মোদী এবং স্টারমারের মধ্যে বৈঠকের পরেই এই ঘোষণা করা হয়। ভারতের বাণিজ্যমন্ত্রী পীযূষ গোয়েল এবং ব্রিটেনের বাণিজ্যমন্ত্রী জোনাথন রেনল্ডের মধ্যে এই চুক্তি স্বাক্ষরিত হয়।
যৌথ সাংবাদিক বৈঠকে কিয়ের স্টারমারের পাশে দাঁড়িয়ে নরেন্দ্র মোদীও এই চুক্তিকে ভারত এবং ব্রিটেনের যৌথ বিকাশের নীলনকশা বলে ব্যাখ্যা করেন। এই চুক্তির ফলে দ্বিপাক্ষিক বাণিজ্য ৩ হাজার ৪০০ কোটি ডলার বৃদ্ধি পাবে বলে আশাবাদী প্রধানমন্ত্রী। তিনি বলেছেন, ভারত এবং ব্রিটেনের সম্পর্কের এক ঐতিহাসিক দিন। বেশ কয়েক বছরের কঠোর পরিশ্রমের পর, আজ দুই দেশ একটি অর্থনৈতিক ও বাণিজ্য চুক্তি স্বাক্ষর করেছে। তিনি বলেছেন, ভারত-ব্রিটেন মুক্ত বাণিজ্যচুক্তির ফলে ব্রিটেনের বাজারে ভারতীয় বস্ত্র, জুতো, মূল্যবান রত্ন, গহনা, সামুদ্রিক খাবার এবং প্রযুক্তিগত পণ্য আরও বেশি করে পাওয়া যাবে। পাশাপাশি ভারতের কৃষিজাত পণ্য এবং খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পের জন্য ব্রিটেনের বাজার আরও প্রশস্ত হবে বলে মনে করছেন তিনি। এই চুক্তির ফলে ভারতের তরুণ প্রজন্ম, কৃষক, মৎস্যজীবী এবং ক্ষুদ্র-কুটির ও মাঝারি শিল্পের সঙ্গে জড়িতেরা সবচেয়ে বেশি সুবিধা পাবেন বলেও মত প্রধানমন্ত্রী-র।
এটিকে একটি ঐতিহাসিক চুক্তি বলে সোশ্যাল মিডিয়া পোস্ট করেছেন কিয়ের স্টারমার। তিনি লিখেছেন, ভারতের সঙ্গে একটি যুগান্তকারী চুক্তি হল। এর ফলে ব্রিটেনে চাকরি, বিনিয়োগ এবং উন্নয়ন হবে। এই চুক্তির ফলে হাজার হাজার ব্রিটিশ কর্মসংস্থান তৈরি হবে, ব্যবসার জন্য নতুন সুযোগ তৈরি হবে এবং খেটে খাওযা মানুষের পকেটে অর্থ জোগাবে।









