
ভারতীয় স্থলসেনা এবং বায়ুসেনার জন্য নতুন ড্রোন বিধ্বংসী লেজার অস্ত্র ‘হেলমা’ কিনতে চলেছে ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রক।
ইতিমধ্যেই ড্রোন প্রতিরোধী ব্যবস্থা কেনার জন্য ফরাসি সংস্থা সিআইএলএএস-এর সঙ্গে একটি চুক্তি করেছে ভারত। প্রতিরক্ষা মন্ত্রকের একটি সূত্র জানাচ্ছে, ‘অপারেশন সিঁদুর’-পরবর্তী পর্যায়ে শত্রুপক্ষের ড্রোনের আকাশসীমা লঙ্ঘন রুখতে একগুচ্ছ পদক্ষেপ করা হয়েছে। তার মধ্যে অন্যতম, দেশীয় প্রযুক্তিতে তৈরি লেজার-নির্ভর ‘অ্যান্টি-ড্রোন সিস্টেম’। ডিআরডিও পরিচালিত সংস্থা ‘সেন্টার ফর হাই এনার্জি সিস্টেমস অ্যান্ড সায়েন্সেস’ বা সিএইচইএসএস-এর তৈরি ‘ইন্টিগ্রেটেড ড্রোন ডিটেকশন অ্যান্ড ইন্টারডিকশন সিস্টেম নামে লেজার-নির্ভর ড্রোন বিধ্বংসী ব্যবস্থার পরীক্ষা-নিরীক্ষার পালা অনেকটাই সফল হয়েছে ইতিমধ্যেই।
কিন্তু দেশীয় প্রযুক্তিতে তৈরি ড্রোন বিধ্বংসী লেজার অস্ত্রের বাণিজ্যিক উৎপাদন শুরু হতে আরও বেশ কয়েক বছর সময় লাগবে। এই অন্তর্বর্তী সময়ে চাহিদা পূরণের উদ্দেশ্যে ফ্রান্স থেকে কেনা হচ্ছে ‘হেলমা পি’।








