
দিল্লির লালকেল্লার কাছের মন্দির এবং দেশের বড় শহরগুলির ধর্মীয় এবং ঐতিহাসিক স্থানগুলিতে হামলার ছক কষছে পাকিস্তানের জঙ্গিগোষ্ঠী লশকর-এ-তইবা।
দেশজুড়ে সতর্কবার্তা জারি করল গোয়েন্দা সংস্থাগুলি। এরপরই রাজধানীর নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে। অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। অন্য রাজ্য থেকে দিল্লিতে যেসব গাড়ি আসছে সব গাড়ি পরীক্ষা করা হচ্ছে। ধর্মীয়, ঐতিহাসিক এবং পর্যটন স্থানগুলিতেও নিরাপত্তা বাড়ানো হয়েছে।
সূত্রের খবর, দিল্লির লালকেল্লার আশপাশে এবং সংলগ্ন মন্দিরে ইমপ্রোভাইসড এক্সপ্লোসিভ ডিভাইস বা আইইডি বিস্ফোরণ ঘটানোর পরিকল্পনা করছে জঙ্গিরা। এছাড়াও রাজধানীর অন্যান্য জনবহুল এলাকাগুলিকেও নিশানা বানাতে পারে জঙ্গিরা। প্রসঙ্গত, গত বছরের ১০ নভেম্বর দিল্লির লালকেল্লা মেট্রো স্টেশনের সামনে গাড়িবোমা বিস্ফোরণ হয়। সেই ঘটনায় হামলাকারী-সহ ১৩ জনের মৃত্যু হয়েছিল। আহত হয়েছেন বহু।








