
চ্যাম্পিয়নস লিগের ফাইনালে প্যারিস সেন্ট জার্মেইর কাছে রেকর্ড ৫-০ গোলে বিধ্বস্ত হওয়ার তিন দিনের মাথায় ইন্টার মিলান ছাড়লেন কোচ সিমোনে ইনজাগি।
এতে ক্লাবটির সঙ্গে চার বছরের সম্পর্ক পারস্পরিক সমঝোতায় শেষ হলো।বলা হয়েছে, ৪৯ বছর বয়সী ইতালিয়ান কোচ ২০২১ সালে ইন্টারের দায়িত্ব নেন। তার বিদায়ের খবরটি নিশ্চিত করেছে ক্লাব কর্তৃপক্ষ।ইনজাগির সঙ্গে সৌদি প্রো লিগের ক্লাব আল-হিলালের যোগাযোগ রয়েছে বলে জোর গুঞ্জন চলছে।আবেগঘন বিদায়ী বার্তায় ইনজাগি বলেছেন,এই ক্লাবের সঙ্গে চার বছরের যাত্রা শেষ হচ্ছে। যা পারেন সব কিছু দিয়েছেন। ইন্টার ফ্যানদের প্রতি শেষ শ্রদ্ধা জানাতে চান।এক বিবৃতিতে ইন্টার মিলান জানিয়েছে,ইন্টার মিলান ও সিমোনে ইনজাগির পথ আজ থেকে আলাদা।এটি পারস্পরিক সিদ্ধান্ত।ইন্টারের ক্লাব প্রেসিডেন্ট জুসেপ্পে মারোত্তা বলেছেন, তার সততা প্রশংসার যোগ্য।উল্লেখ্য,ইনজাগির সময়কালে ইন্টার মিলান জিতেছে একটি সিরি আ ট্রফি, দুটি কোপা ইতালিয়া এবং তিনটি সুপারকোপা ইতালিয়া। এছাড়া তার অধীনে দু’বার চ্যাম্পিয়নস লিগের ফাইনাল খেলেছে দলটি।চ্যাম্পিয়নস লিগে ২০২২-২৩ সিজনে ম্যানচেস্টার সিটির কাছে ১-০ গোলে হারে তারা।আর চলতি সিজনে পিএসজির কাছে শোচনীয় ৫-০ গোলের হার সব সাফল্যে ছায়া ফেলেছে।এবারের সেরি আ-তে এক পয়েন্টের ব্যবধানে ট্রফি হাতছাড়া হয় নাপোলির কাছে।এই বিদায়ের মধ্য দিয়ে ইন্টারের জন্য একটি অধ্যায়ের ইতি ঘটল।
সব ঠিক থাকলে আগামী ১৪ জুন থেকে ১৩ জুলাই পর্যন্ত আমেরিকায় অনুষ্ঠিতব্য ফিফা ক্লাব বিশ্বকাপে আল-হিলালের ডাগ আউটে দেখা যাবে ইনজাগিকে।









