
কোচবিহারে ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী গ্রাম থেকে বর্ডার গার্ডস বাংলাদেশ যে ভারতীয় কৃষককে অপহরণ করেছিল বলে অভিযোগ, তিনি অবশেষে মুক্তি পেয়েছেন। ভারতীয় কৃষক উকিল বর্মণের ঘরে ফেরার খবর পৌঁছতেই খুশির হাওয়া তাঁর পরিবারে।
বাংলাদেশের কর্তৃপক্ষ কোচবিহারের ওই কৃষককে মুক্তি দেওয়ার পরে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এক্স পোস্ট করে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী এবং বিএসএফের ডিজিকে ধন্যবাদ জানিয়েছেন। ঘটনাচক্রে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও বুধবার এক সাংবাদিক বৈঠকে পশ্চিমবঙ্গের কৃষককে সীমান্তবর্তী চাষের জমি থেকে অপহরণের প্রসঙ্গ তুলে উদ্বেগ প্রকাশ করেছিলেন।
রাজ্যরে মুখ্যসচিবকে তিনি নির্দেশ দিয়েছিলেন যথাযথ জায়গায় কথা বলতে। পাশাপাশি রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদারও এক্স পোস্টে লিখেছেন, বাংলাদেশ থেকে উকিল বর্মণের মুক্তি নিশ্চিত করার জন্য কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ও অমিত শাহকে আন্তরিক ধন্যবাদ।






