
যুদ্ধ থামবে না, আরও বাড়বে। আমেরিকার হামলার পর তীব্র হুঙ্কার দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি। ইরানের কড়া জবাবের অপেক্ষা করুক আমেরিকা, ইরানের একটি টিভিতে এই ভাষাতেই পাল্টা প্রেসিডেন্ট ট্রাম্পকে কড়া হুঁশিয়ারি দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা। তাঁর দাবি, আমেরিকার আক্রমণে ইরানের ক্ষয়ক্ষতি ছাড়া বিশেষ কিছুই হয়নি।
ক্ষোভে ফুঁসছেন ইরানের বিদেশমন্ত্রী সইদ আব্বাস আরাঘচি। মার্কিন হামলাকে জঘন্য বলে ক্ষোভ উগড়ে দিয়েছেন। তাঁর স্পষ্ট জবাব, দেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য তাঁদের যে রাস্তায় হাঁটতে হবে তাঁরা সেই রাস্তাতেই হাঁটার জন্য প্রস্তুত। উল্টো দিকে রণহুঙ্কার দিয়েই চলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাঁর সাফ কথা, ইরানের তরফে যদি আমেরিকায় কোনওরকম হামলার পরিকল্পনা করা হয়, তাহলে তার ফল ভাল হবে না।
অন্যদিকে, আমেরিকার হামলার প্রত্যাঘাত হিসাবে এবার ইজরায়েলে হামলা চালিয়েছে তেহেরান। সংবাদমাধ্যম সূত্রে খবর, হাইফা ও তেল আভিভে একের পর এক ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে ইরান। একসঙ্গে দু দফায় মোট ২৭ টি ক্ষেপণাস্ত্র পৌঁছেছে ইজরায়েলের এই দুই শহরের দিকে। এই হামলায় অন্তত ১১ জনের মৃত্যু হয়েছে। তবে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।









