
৪ ঘন্টার মধ্যেই বীরভূমের লাভপুরে আবারও পুলিশের ওপর হামলার অভিযোগ উঠেছে।ঘটনায় এক পুলিশকর্মীর নাক ফেটে যায় বলে অভিযোগ।
এক যাত্রী বাস থেকে পড়ে যাওয়াকে কেন্দ্র করে ঘটনার সূত্রপাত। পুলিশের দাবি, সিউড়ি থেকে লাভপুরের দিকে যাওয়ার সময় চৌহাট্টায় বাস থেকে নামতে গিয়ে পড়ে যান এক ব্যক্তি। প্রথমে বাসচালক, কন্ডাক্টারের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন ওই যাত্রীর পরিবারের লোকজন। সন্ধ্যাবেলায় বাসমালিক দলবল নিয়ে এসে ওই যাত্রীর পরিবারের ওপর হামলা চালায়। সংঘর্ষে খবরে ঘটনাস্থলে উপস্থিত হয় লাভপুর থানার বিশাল পুলিশ বাহিনী। এর মধ্যেই ছোড়া ইটের গায়ে নাকে গুরুতর আঘাত পান পুলিশ কর্মী। এই ঘটনায় বাসমালিক পক্ষের তিনজন এবং যাত্রীর পরিবারের একজন আহত হয়েছেন বলে খবর। আহতদের সিউড়ি হাসপাতালে ভর্তি করা হয়। এখনও থমথমে রয়েছে স্থানীয় এলাকা। পলাতক হামলাকারীরা।
উল্লেখ্য, রবিবার হাতিয়া গ্রামে নকল কয়েন ব্যবসায়ীর বাড়িতে তল্লাশিতে গিয়ে পুলিশকে আক্রমণের মুখে পড়তে হয়েছিল বলে অভিযোগ। গত ২৮ জানুয়ারি সিউড়ি মিনিস্টল এলাকাতেও পুলিশের উর্দি ধরে শাসানি দিতে দেখা যায় স্থানীয় এক তৃণমূল কর্মীকে।









