
অবশেষে ভারতে ফেরানো হয়েছে গোয়ার পুড়ে যাওয়া সেই নৈশক্লাবের দুই মালিক সৌরভ ও গৌরব লুথরাকে।
দিল্লি বিমানবন্দরে নামতেই তাঁদের গ্রেফতার করেছে গোয়া পুলিশ। এ বার তাঁদের হাজির করানো হয়েছে দিল্লির পাটিয়ালা হাউস কোর্টে। ৬ ডিসেম্বর মধ্যরাতে গোয়ার বাগা সমুদ্রসৈকতে আরপোরার নৈশক্লাব বার্চ বাই রোমিও লেন-এ অগ্নিকাণ্ডে ২৫ জনের মৃত্যু হয়। তার কয়েক ঘণ্টা পরেই ভারত ছেড়ে পালান সৌরভ ও গৌরব। তদন্তে জানা যায়, সেই রাতেই ইন্ডিগোর বিমানে থাইল্যান্ডে চলে গিয়েছেন তাঁরা। তার পর থেকেই তাঁদের ভারতে ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু হয়। দুই ভাইয়ের খোঁজে প্রথমে ইন্টারপোলের দ্বারস্থ হয় গোয়া পুলিশ।
প্রথমে দুই অভিযুক্তের পাসপোর্ট ও ভিসা বাতিল করা হয়। তার পর ৯ ডিসেম্বর ফুকেতের একটি হোটেল থেকে তাঁদের আটক করে থাইল্যান্ডের অভিবাসন দফতর।







