
আর্সেনাল শেষ মেজর ট্রফি জয়ের ৬ বছর হয়েছে, লম্বা সময়ের খরা কাটানোর স্বপ্ন দেখছে এই সিজনে। ইংলিশ প্রিমিয়ার লিগের শীর্ষ এই দল সিজনের প্রথম ট্রফিই হাতছাড়া করল। হতাশার ঘোরে থাকা ম্যানচেস্টার সিটির বিপক্ষে দ্বিতীয়ার্ধে ৪ মিনিটের ঝড়ে এলোমেলো হয়ে যায় গানাররা।
প্রথম গোল অবশ্য আর্সেনাল গোলরক্ষকের ভুলে হয়েছে। পরে আরেক গোল করে পেপ গার্দিওলার দল হতাশা কাটিয়ে সিজনের প্রথম ট্রফি ঘরে তুলল। লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে হওয়া এফএ কাপের ফাইনালে মিকেল আর্তেতার দলের ওপর আধিপত্য দেখাল সিটি। এই ম্যাচের আগে সম্ভবত কিছুটা ব্যাকফুটেই ছিল সিটি। মাত্র কয়েকদিন আগে তারা রিয়াল মাদ্রিদের কাছে দু’ লেগেই হেরে চ্যাম্পিয়ন্স লিগ থেকে বিদায় নিয়েছিল। প্রিমিয়ার লিগেও শেষ দু’ রাউন্ডে হোঁচট খায় সিটি। সেই হতাশা ছাপিয়ে গেছে এফএ কাপ ফাইনালের পারফরম্যান্সে। তবে শুরুটা ভালো ছিল আর্সেনালের। পরপর দারুণ তিনটি সুযোগ তৈরি করলেও অবশ্য সিটি গোলরক্ষক জেমস ট্রাফোর্ড তাদের হতাশ করেছেন। দ্বিতীয়ার্ধে আর্সেনালের রক্ষণকে ব্যস্ত রাখেন সিটি ফুটবলাররা। এরই মাঝে ৬০ মিনিটে ভুল করে বসেন আর্সেনাল গোলরক্ষক কেপা আরিজাবালাগা। নাগালের মধ্যে থাকা বল তিনি হাত ফসকে ফেলেন, গোলমুখে থাকা ও’রাইলি হেডে সেটি জালে জড়ান।এরপর মিনিট চারেকের মাথায় সিটি ব্যবধান দ্বিগুণ করে।
ম্যাথিউস নুনেসের ক্রসে উড়ে আসা বলে এবার হেড দিয়ে গোলটি করলেন। তরুণ লেফটব্যাকের এই দুই গোলেই ম্যাচের পার্থক্য গড়ে যায়। ম্যাচে ফিরতে মরিয়া আর্সেনালের দুটি শট ফিরেছে গোলপোস্ট থেকে। রিকার্ডো কালাফিওরির শট গোলপোস্টে লেগে ফেরার পর গ্যাব্রিয়েল জেসুসের হেডও ক্রসবারেই আটকে গেছে। ফলে শেষ ২০২০ সালের পর আরেকটি এফএ কাপ জয়ের আশা ভেস্তে গেল আর্সেনালের। বিপরীতে গার্দিওলা প্রথম কোচ হিসেবে এই টুর্নামেন্টে পঞ্চম ট্রফি জিতলেন।









