
আলোচনা এবং প্রাথমিক সমঝোতার পালা শেষ হয়েছে আগেই। আগামী অর্থবর্ষে জার্মানির সঙ্গে যৌথ উদ্যোগে ডুবোজাহাজ তৈরির বিষয়টি চূড়ান্ত হতে চলেছে বলে প্রতিরক্ষা মন্ত্রকের সূত্র উদ্ধৃত করে প্রকাশিত খবরে দাবি।
পি ৭৫ আই নামের ওই কর্মসূচি অনুযায়ী মেক ইন ইন্ডিয়া প্রকল্পে কৌশলগত অংশীদারির ভিত্তিতে নৌসেনার জন্য ৬ টি ডুবোজাহাজ বানাবে জার্মান সংস্থা থাইসেনক্রুপ মেরিন সিস্টেমস। এয়ার ইন্ডিপেনডেন্ট প্রপালশন সিস্টেমে সজ্জিত ছ’টি টিকেএমএস শ্রেণির ডিজেল-ইলেকট্রিক ডুবোজাহাজ নির্মাণে আনুমানিক খরচ হবে প্রায় ৯০০ কোটি ডলায়।
এর অস্ত্রসজ্জার মধ্যে থাকবে ছয়টি ৫৩৩ এমএম টর্পেডো টিউব এসএম-২৯ এক্সোসেট জাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্র এবং ব্রহ্মস ক্ষেপণাস্ত্র। ২০১৮ সালে প্রতিরক্ষা মন্ত্রক যখন ছ’টি ডুবোজাহাজ নির্মাণের বিষয়টি অ্যাকসেপ্ট্যান্স অফ নেসেসিটি তালিকাভুক্ত করেছিল, তখন আনুমানিক খরচ ধরা হয়েছিল ৪৩ হাজার কোটি টাকা। এর আগে জার্মানি থেকে শিশুমার শ্রেণির ৪টি ডিজেল-বিদ্যুৎ ডুবোজাহাজ কিনেছিল ভারতীয় নৌসেনা।








