
খসড়া ভোটার তালিকা এবং বিহারের ভোটার তালিকার সংশোধনের প্রক্রিয়া নিয়ে বিশেষ আলোচনা চেয়ে লোকসভার স্পিকারকে যৌথভাবে চিঠি দিয়েছে বিরোধী দলগুলি। ভারতের নির্বাচন কমিশন বিহারের ২৪৩ বিধানসভা আসনের খসড়া ভোটার তালিকা রাজনৈতিক দলগুলির হাতে তুলে দিতেই লোকসভা এবং রাজ্যসভায় তুমুল হইহট্টগোল করেছেন বিরোধীরা।
কমিশন জানিয়েছে রাজ্যের ৯০ হাজার ৮১৭টি বুথের পরিসংখ্যান রয়েছে ওই তালিকায়। চিঠিতে বিরোধীরা দাবি করেন, বিহারের ভোটার তালিকার সংশোধন নিয়ে গভীর উদ্বিগ্ন বিরোধীরা। ভোটের মাত্র কয়েক মাস আগে এটা করা হচ্ছে। এটা অভূতপর্ব।
কমিশন ইঙ্গিত দিয়েছে অনুরূপ সংশোধন সারা দেশে করা হবে। এই প্রক্রিয়ায় স্বচ্ছতা, সময় এবং উদ্দেশ্য সম্পর্কে আশঙ্কার প্রেক্ষিতে সংসদের দৃষ্টি আকর্ষণ করার কথাও রয়েছে চিঠিতে। বিরোধীদের বক্তব্য, ভোটার তালিকার এই সংশোধনের ফলে লক্ষ লক্ষ মানুষ ভোটাধিকার হারাবেন।









