
প্রয়াত রাজ্য পুলিশের প্রাক্তন আইজি পঙ্কজ দত্ত। বারাণসীর হাসপাতালে মৃত্যু হয়েছে তাঁর। বারাণসীর থিওজফিক্যাল সোসাইটি অফ ইন্ডিয়ার অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে অসুস্থ হয়ে পড়েছিলেন তিনি।
২৩ অক্টোবর বারাণসীতে বক্তৃতা দিতে গিয়েছিলেন। সেই অনুষ্ঠানেই সেরিব্রাল অ্যাটাক হয় পক্ষজ দত্তর। বক্তৃতার সময় তাঁর নাক-মুখ দিয়ে রক্তক্ষরণ হয়। একমাসেরও বেশি সময় বারাণসীর হাসপাতালে ভর্তি ছিলেন। এদিকে পঙ্কজ দত্ত-র মৃত্যুর জন্য মমতা বন্দ্যোপাধ্যায় এবং তাঁর প্রশাসনকে কাঠগড়ায় তুলেছে বিজেপি।
দলের বিধায়ক অগ্নিমিত্রা পাল বলেছেন রাজ্য সরকারের বিরুদ্ধে শিরদাঁড়া সোজা রেখে, চোখে চোখ রেখে দুর্নীতির প্রতিবাদ করেছিলেন, লড়াই করেছিলেন বলে পরিকল্পিতভাবে পুলিশকে দিয়ে মানসিক নির্যাতন করা হয়েছে। মিথ্যে মামলা ফাঁসানো হয়েছে। অগ্নিমিত্রা পালের কথা এটা মৃত্যু নয়, পরিকল্পিত হত্যা।







