
অস্থির বাংলাদেশে ওসমান হাদির মৃত্যুর পরে মাত্রা ছাড়িয়েছে নৃশংসতা। ময়মনসিংহে পিটিয়ে খুন করা হয়েছে হিন্দু যুবক দীপুচন্দ্র দাস-কে।
বাংলাদেশে সংখ্যালঘুদের প্রতি আচরণ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন কংগ্রেস নেত্রী ও সাংসদ প্রিয়াঙ্কা গান্ধী এবং অন্ধ্রপ্রদেশের উপ-মুখ্যমন্ত্রী পবন কল্যাণ। কেন্দ্র সরকারের উপরে চাপ বাড়িয়ে প্রিয়াঙ্কা গান্ধী এক্স হ্যান্ডেলে বলেছেন, বাংলাদেশে একদল জনতার হাতে হিন্দু যুবক দীপুচন্দ্র দাসের নৃশংস হত্যার খবর অত্যন্ত বিরক্তিকর। প্রিয়াঙ্কা গান্ধী বলেছেন, কেন্দ্রীয় সরকারের উচিত বাংলাদেশে হিন্দু, খ্রিস্টান এবং বৌদ্ধ সংখ্যালঘুদের বিরুদ্ধে ক্রমবর্ধমান হিংসার বিষয়টি লক্ষ্য করা। পাশাপাশি, এদের নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করতে ঢাকাকে চাপ দিতে হবে বলেও দাবি করেন তিনি। অন্যদিকে, অন্ধ্রপ্রদেশের উপ-মুখ্যমন্ত্রী পবন কল্যাণ এক্স হ্যান্ডেলে লিখেছেন, ইতিহাস আত্মত্যাগকে স্মরণ করে। কিন্তু, যে মাটি একসময় ভারতীয় রক্তে স্বাধীন হয়েছিল, তা আজ নিরীহ সংখ্যালঘুদের রক্তে রাঙা হচ্ছে। ১৯৭১ সালে, ভারতীয় সশস্ত্র বাহিনী নিপীড়িতদের পক্ষে দাঁড়িয়েছিল।
সাহসী সৈন্যরা কেবল যুদ্ধ করেনি; তারা বর্তমান বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষের পরিচয় এবং মর্যাদার জন্য লড়াই করেছে। তিনি আর বলেছেন, আক্রমণের ধরণ স্পষ্ট এবং নিষ্ঠুর।









