
সরকারের বিভিন্ন প্রকল্পের সুযোগ-সুবিধা এখন সরাসরি সুবিধাপ্রাপকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পৌঁছে যায়। আগে বিভিন্ন হাত ঘুরে তা সাধারণ মানুষের কাছে পৌঁছত।
তাতে দুর্নীতির অভিযোগও উঠত। সিভিল অ্যাকাউন্টস ডে-র একটি অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে এমনই দাবি করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামান। কেন্দ্রীয় অর্থমন্ত্রী বলেছেন, প্রশাসনের মুখ্য লক্ষ্যগুলি পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে পাবলিক ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট সিস্টেম। প্রায় ১ হাজার ১০০ ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার স্কিম-সহ কেন্দ্র ও রাজ্যের ১ হাজার ২০০-র বেশি প্রকল্পের সুবিধা এর মাধ্যমে পৌঁছে যায় সাধারণ মানুষের কাছে। লাভবান হন ৬০ কোটি সুবিধাপ্রাপক।পিএফএমএসের মাধ্যমে ভারতের সিভিল অ্যাকাউন্ট পরিষেবা নীরবে বিপ্লব এনেছে বলে তিনি মন্তব্য করেন।সময়মতো এবং স্বচ্ছভাবে সরকারি ফান্ডের টাকা কোটি কোটি মানুষের কাছে পৌঁছে দেওয়া নিশ্চিত করেছে পিএফএমএস। কেন্দ্রীয় অর্থমন্ত্রী আরও বলেন, বিশ্বের বিভিন্ন দেশ ভারতের ডিজিটাল পেমেন্ট ইন্টারফেস নিয়ে আগ্রহ প্রকাশ করেছে।
এমনকি, উন্নত দেশগুলিও ভারতের এই ব্যবস্থার প্রশংসা করেছে। সাধারণ মানুষের কাছে সুবিধা পৌঁছে দেওয়ার ক্ষেত্রে পিএফএমএসের কৃতিত্ব ডিপিআইয়ের থেকে কম নয়।







