
মালেশিয়া সফর বাতিল করে শেষমেশ উপরাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিয়েছেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। মঙ্গলবার উপরাষ্ট্রপতি পদে নির্বাচন শুরুর পর অন্য সাংসদদের মতন লাইনে দাঁড়িয়ে কংগ্রেস সাংসদ প্রিয়াঙ্কা গান্ধী, সনিয়া গান্ধী-র সঙ্গে গিয়ে ভোটদান করেছেন রাহুল গান্ধীও।
এই নির্বাচনে এনডিএ মনোনীত মহারাষ্ট্রের রাজ্যপাল সিপি রাধাকৃষ্ণণ এবং ইন্ডিয়া ব্লকের প্রার্থী সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি বি. সুদর্শন রেড্ডির মধ্যে প্রতিযোগিতা চলছে।কংগ্রেসের জাতীয় সভাপতি মল্লিকার্জুন খাড়গে ভোট দিতে এসেছিলেন। এদিকে, উপরাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিয়েছেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়।
তৃণমূলের তরফে এক্স পোস্টে লেখা হয়েছে, লোকসভায় সংসদীয় দলের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় উপ-রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিয়েছেন। তার অংশগ্রহণ প্রজাতন্ত্রের গণতান্ত্রিক মূল্যবোধ এবং সাংবিধানিক নীতি সমুন্নত রাখার প্রতি আমাদের দৃঢ় অঙ্গীকারকে প্রতিফলিত করে।









