
পরপর দুই ট্রেডিং সেশনেই ভারতের শেয়ার বাজারে ধসের প্রকোপ অব্যাহত থেকেছে। এর জেরে শেষ দু’দিনে সেনসেক্সের পয়েন্ট কমেছে প্রায় দেড় হাজার। অন্য দিকে নিফটি৫০ কমেছে ৪৫০ পয়েন্টেরও বেশি। বৃহস্পতিবার বম্বে স্টক এক্সচেঞ্জের সূচক সেনসেক্স কমেছে শূন্য দশমিক আট সাত শতাংশ বা ৭০৫ পয়েন্ট।
বাজার বন্ধের সময় এই সূচক রয়েছে ৮০ হাজার ৮০ পয়েন্টে। অন্য দিকে ন্যাশানাল স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক নিফটি৫০ কমেছে ০ দশমিক ৮৫ শতাংশ বা ২১১ পয়েন্ট। এই পতনের পর ওই সূচক রয়েছে ২৪ হাজার ৫০০ পয়েন্টে। সেনসেক্স ও নিফটি৫০-র পাশাপাশি দুই স্টক এক্সচেঞ্জেই সমস্ত সেক্টরাল সূচকের পতন হয়েছে। নিফটি ইন্ডিয়া ট্যুরিজম, নিফটি ইন্ডিয়া ডিফেন্স, নিফটি আইটি, নিফটি রিয়েলটি, নিফটি ব্যাঙ্কের মতো সেক্টরাল সূচকগুলির পয়েন্ট কমেছে ১ থেকে ২ শতাংশের মধ্যে।
নিফটি ফার্মা, নিফটি এনার্জি, নিফটি মেটাল, নিফটি অটোর মতো সেক্টরাল সূচকের পয়েন্ট কমেছে ১ শতাংশের কম। এর পাশাপাশি দুই স্টক এক্সচেঞ্জেই স্মল ক্যাপ এবং মিড ক্যাপ ইনডেক্সগুলির পতন হয়েছে।









