
বিশ্বের সব দেশের রপ্তানি পণ্যের ওপর ১০ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এছাড়া ভারত, বাংলাদেশ, চীন, ভিয়েতনাম, জাপানসহ কয়েকটি দেশের ওপর পাল্টা শুল্ক আরোপ করেছেন তিনি। মূলত, যেসব দেশ মার্কিন পণ্যের ওপর বেশি শুল্ক আরোপ করেছিল, তাদের বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা হিসেবে এই সিদ্ধান্ত নিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প।তবে এই শুল্ক আরোপের সবচেয়ে বড় প্রভাব পড়তে পারে আমেরিকার কাস্টমারদের ওপর।
বিভিন্ন পণ্যের দাম উল্লেখযোগ্যভাবে বাড়তে পারে। অর্থনীতি বিষয়ক বিশ্লেষক সংস্থা রোসেনব্লাট সিকিউরিটিজ জানিয়েছে,বিশ্বের অন্যতম জনপ্রিয় মোবাইল ব্র্যান্ড অ্যাপল যদি শুল্ক বৃদ্ধির প্রভাব সরাসরি গ্রাহকদের ওপর চাপিয়ে দেয়, তাহলে একটি লেটেস্ট মডেলের আইফোনের দাম বেড়ে ২ হাজার ৩০০ ডলার পর্যন্ত হতে পারে। ভারতীয় মুদ্রায় যা প্রায় আড়াই লক্ষ টাকা।শুল্ক আরোপের ফলে আমেরিকার মিত্র দেশগুলো এরই মধ্যে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে।
ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ অন্যান্য দেশগুলোকে আহ্বান জানিয়েছেন, কেউ যেন আমেরিকায় নতুন করে বিনিয়োগ না করে।কানাডার পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, কানাডা-আমেরিকার ঐতিহাসিক সম্পর্ক আর কোনোদিন আগের মতো হবে না। কানাডার প্রাক্তন কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর মার্ক কার্নি বলেছেন,মুক্ত অর্থনীতিতে আমেরিকা এতদিন শীর্ষস্থান দখল করে রেখেছিল, কিন্তু এখন তারা সেই অবস্থান থেকে সরে আসছে।









