
২৮ ফেব্রুয়ারি থেকে ইরানের ওপর যৌথভাবে হামলা চালাচ্ছে আমেরিকা ও ইসরায়েল। ওই দিন থেকেই পাল্টা জবাব দিতে শুরু করে ইরানও। এভাবেই টানা চার সপ্তাহে গড়িয়েছে এই যুদ্ধ।
ইসরায়েল ও উপসাগরীয় দেশগুলোতে অবস্থিত বিভিন্ন মার্কিন সামরিক স্থাপনায় অনবরত হামলা চালিয়ে যাচ্ছে ইরান। এতে অগ্নিগর্ভ হয়ে উঠেছে গোটা মধ্যপ্রাচ্য। সেই সঙ্গে বিশ্ব জ্বালানি পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ রুট হরমুজ প্রণালি কার্যত বন্ধ করে দিয়েছে তেহরান। এতে সারাবিশ্বে জ্বালানি সরবরাহ ব্যবস্থায় বিপর্যয় দেখা দিয়েছে। বিশ্বজুড়ে অস্থির হয়ে উঠেছে জ্বালানির বাজার। এতে বিশ্বজুড়ে অর্থনীতির ভারসাম্যও নড়ে উঠছে। বিশ্লেষকদের মতে, ইরানে, আমেরিকা ও ইসরায়েলের হামলাকে কেন্দ্র করে শুরু হওয়া এই সংঘাত বিশ্বজুড়ে মার্কিন ডলারের দীর্ঘদিনের আধিপত্যকে বড় ধরনের চ্যালেঞ্জের মুখে ফেলেছে।আর এই পরিস্থিতি ভবিষ্যতে বিশ্ব অর্থনীতির রূপই বদলে দিতে পারে। এক রিপোর্ট বলছে,ইরান যুদ্ধের মাধ্যমে মধ্যপ্রাচ্যে সামরিক শক্তি প্রদর্শন করছে আমেরিকা। তবে এই শক্তির পেছনে আরেকটি বড় ভিত্তি রয়েছে, তাহলো আমেরিকার আর্থিক আধিপত্য। অর্থাৎ বিশ্ব অর্থনীতিতে মার্কিন ডলারের প্রভাব। ইরানের নেতারা দীর্ঘদিন ধরেই বৈশ্বিক বাণিজ্য ও বাজারে মার্কিন ডলারের এই আধিপত্যের বিরোধিতা করে আসছেন। কারণ এতে আমেরিকা কম সুদে ঋণ নেওয়া এবং বিস্তৃত নিষেধাজ্ঞা আরোপের মতো সুবিধা পায়। বলা হচ্ছে,মধ্যপ্রাচ্যের এই সংঘাতকে কাজে লাগিয়ে মার্কিন ডলারের অবস্থান দুর্বল করার চেষ্টা করছে তেহরান।ইরানের পার্লামেন্টের অর্থনৈতিক কমিশনের সদস্য রাসুল বাখশি দাস্তজেরদি বলেছেন,ডলারের আধিপত্য ভাঙার জন্য হরমুজ প্রণালি হচ্ছে আমাদের লোহার হাতুড়ি। এই ধরনের শর্ত আমেরিকার অর্থনৈতিক শক্তির অন্যতম ভিত্তিকেই চ্যালেঞ্জ করছে। কারণ বিশ্বজুড়ে তেল বাণিজ্যের বেশিরভাগই ডলারে হয়। আর এটিই মূলত গোটা বিশ্বে ডলারের চাহিদা বাড়িয়ে রাখে।
তবে ইরানকে খুব বেশি কিছু করতে নাও হতে পারে। বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যে ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধ নিজেই ডলারের আধিপত্যের জন্য বড় হুমকি হয়ে উঠতে পারে। একইসঙ্গে বলা হচ্ছে,ইরান যুদ্ধ মধ্যপ্রাচ্যে আমেরিকার নিরাপত্তা নিশ্চয়তার বিশ্বাসযোগ্যতাকেও ক্ষতিগ্রস্ত করছে। ফলে সেখানকার উপসাগরীয় দেশগুলো প্রতিরক্ষায় বিনিয়োগ বাড়াতে গিয়ে ডলারে বিনিয়োগ কমাতে পারে। একই সঙ্গে তেলের ব্যাপক মূল্যবৃদ্ধিও এই পণ্যের চাহিদা কমিয়ে দিতে পারে।









