গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home Sports ভিনিসিয়ুসের পেনাল্টি মিস, রিয়ালের হার

    ভিনিসিয়ুসের পেনাল্টি মিস, রিয়ালের হার

    0
    79
    ছবি সৌজন্যে : এক্স

    লা লিগায় ৩০তম রাউন্ডের খেলায় ভ্যালেন্সিয়ার কাছে সান্তিয়াগো বার্নাব্যুতে রিয়াল মাদ্রিদ হেরেছে ২-১ ব্যবধানে।পুরো ম্যাচের বড় অংশ জুড়ে থাকবে হয়ত ভিনিসিয়ুস জুনিয়রের পেনাল্টি মিসের গল্প। তবে ভ্যালেন্সিয়াকে জেতানোর মূল কারিগর বলা যায় তাদের গোলরক্ষক জর্জি মামারদিশভিলিকে। পোস্টের নিচে পার করেছেন দারুণ এক রাত।একাই ফিরিয়েছেন ৮ শট। ছিল ১টা পেনাল্টিও।রিয়াল মাদ্রিদের জার্সিতে এদিন ২০০তম লা লিগা ম্যাচ খেলতে নেমেছিলেন ভিনিসিয়ুস জুনিয়র।

    সেটাকে রাঙিয়ে রাখতে পারতেন ম্যাচের ১০ মিনিটেই। কিলিয়ান এমবাপ্পের সুবাদে পেনাল্টি আদায় করে নেয় রিয়াল মাদ্রিদ। কিন্তু ব্রাজিলিয়ান তারকার দুর্বল শট সহজেই রুখে দেন মামারদিশভিলি। এর পাঁচ মিনিট পর স্বাগতিক শিবিরকে জোর ধাক্কা দেন ভ্যালেন্সিয়ার ডিফেন্ডার দিয়াখাবি।কর্নারে উড়ে আসা বল দারুণ হেডে জালে পাঠান দিয়াখাবি। রিয়ালের নিয়মিত দুই গোলরক্ষক থিবো কোর্তোয়া ও আন্দ্রি লুনিনের চোটে সুযোগ পাওয়া ফ্রান গন্সালেস কোনো রিফ্লেক্সই দেখাতে পারেননি এই আক্রমণে। দু’ মিনিট পর অবশ্য দিয়াখাবি করে বসেন আত্মঘাতী গোল। কিন্তু ভাগ্য ভাল ছিল তার। শটের আগের মুহূর্তে এমবাপ্পে অফসাইডে থাকায় স্কোরলাইন বদলায়নি। প্রথমার্ধে ১-০ গোলে পিছিয়ে থাকা রিয়াল সমতায় ফেরে ৫০ মিনিটে। লুকা মদরিচের কর্নার জুড বেলিংহাম হয়ে আসে ভিনিসিয়ুসের কাছে। পেনাল্টি মিস করলেও এবারে ঠিকই গোল পেয়ে যান ভিনিসিয়ুস। ৬৫ মিনিটে আবার এগিয়ে যেতে পারতো ভ্যালেন্সিয়া।

    তাররেগার সোজাসুজি হেড ধরতে গিয়ে ভুল করতে বসেছিলেন গন্সালেস, তবে আর কোনো বিপদ ঘটেনি। এই এক আক্রমণ বাদ দিলে পুরোটা সময় খেলা হয়েছে রিয়ালের আক্রমণভাগ এবং মামারদিশভিলির মাঝে। আর সেখানে রিয়ালের সুযোগ মিস যেমন ছিল, তেমনি ছিল মামারদিশভিলির দারুণ সব সেভ। এরপর বেশ কয়েকটি গোলের সুযোগ নষ্ট করা রিয়াল মাদ্রিদকে ভ্যালেন্সিয়া শাস্তিটা দিয়েছে একেবারে শেষে এসে। অতিরিক্ত সময়ের ৫ম মিনিটে রাফা মিরের দুর্দান্ত এক ক্রসে হেড করে গোল করে বদলি খেলোয়াড় উগো দুরো।