
বুধবার থেকে রাতের তাপমাত্রা ৪ ডিগ্রি পর্যন্ত কমতে পারে রাজ্যজুড়ে। এমনই পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের।
বুধবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৪ ডিগ্রি সেলসিয়াস। তবে সকাল থেকেই এদিন কলকাতা-সহ রাজ্যের একাধিক প্রান্তে কুয়াশার দাপট লক্ষ্য করা গেছে। সঙ্গে বইছে ঝোড়ো হাওয়া। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পরিষ্কার হয়েছে আকাশ। হাওয়া অফিস জানিয়েছে, বুধবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে শীতের আমেজ থাকবে। এছাড়া হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় আবহাওয়া শুষ্ক থাকবে। কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই। হাওয়া অফিস সূত্রে খবর, দার্জিলিঙ, জলপাইগুড়ি, কোচবিহার এবং উত্তর দিনাজপুরে সকালের দিকে মাঝারি কুয়াশা থাকবে।
বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আকাশ পরিষ্কার হলেও এই মুহূর্তে সেখানেও বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। তবে ২ থেকে ৪ ডিগ্রি তাপমাত্রা নামতে পারে বলে আগেভাগে জানিয়ে দেওয়া হয়েছে।






