
প্রভাস অভিনীত ছবি দ্য রাজাসাব–এর গান,নাচে নাচে মুক্তি ঘিরে মুম্বাইয়ের একটি পাঁচতারা হোটেলে জমকালো অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। সেখানে উপস্থিত ছিলেন ছবির শিল্পী বোমান ইরানি, জরিনা ওয়াহাব, মালবিকা মোহনান, নিধি আগরওয়াল, ঋদ্ধি কুমার এবং প্রযোজক বিশ্ব প্রসাদ।
ব্যক্তিগত কারণে নায়ক প্রভাস ও সঞ্জয় দত্ত অনুষ্ঠানে থাকতে না পারলেও পুরো অনুষ্ঠানেই প্রভাস ছিলেন আলোচনার কেন্দ্রবিন্দু।প্রভাসকে নিয়ে বলিউড অভিনেতা বোমান ইরানি বলেছেন, প্রভাসকে দেখে অনেকে হয়তো ভাবেন, তিনি একজন তারকার মতো আচরণ করেন। কিন্তু বাস্তবে তিনি খুব সাধারণ এবং বিনয়ী মানুষ।সেটে তিনি সবাইকে খুব স্বাভাবিকভাবে ট্রিট করেন। নিজের তারকাখ্যাতি তিনি কখনোই অন্যদের ওপর চাপিয়ে দেন না। তাঁর ভাষায়,এই সরলতাই প্রভাসকে অন্যদের থেকে আলাদা করে। ছবির বিশাল সেট নিয়ে প্রশংসা করে বোমান বলেছেন, সেটে ঢুকলেই মনে হতো, অন্য কোনো দুনিয়ায় চলে গিয়েছি।ছবিতে প্রভাসের দিদিমার ভূমিকায় অভিনয় করেছেন জরিনা ওয়াহাব। তিনি বলেছেন, এর আগে এত বড় কোনো চরিত্র পাননি। এই ছবিতে সুযোগ দেওয়ার জন্য প্রযোজক বিশ্ব প্রসাদকে ধন্যবাদ। বর্তমান বলিউড সিনেমায় পারিবারিক আবেগ কমে যাচ্ছে,এমন মন্তব্য করে তিনি বলেছেন,পরিবারকেন্দ্রিক গল্পেই সব বয়সের দর্শক নিজেদের খুঁজে পান।দ্য রাজাসাব–এর গল্প শুনেই রাজি হয়ে গিয়েছিলেন।
আর প্রভাসের নাম শুনে তো আর ভেবে দেখার প্রশ্নই ছিল না।প্রভাস সম্পর্কে জরিনার সংযোজন, ডার্লিং নামটাই যেন ওর পরিচয়। আগে বুঝতাম না,কেন সবাই ওকে ডার্লিং বলে। ছবিতে ভিএফএক্স–নির্ভর দৃশ্যে অভিনয় করাকে সবচেয়ে বড় চ্যালেঞ্জ বলে মনে করেন নিধি আগরওয়াল। তিনি বলেছেন, অনেক দৃশ্যে সামনে কেউ ছিল না। কল্পনার ওপর ভর করেই অভিনয় করতে হয়েছে।









