
এ মাসেই পবিত্র সিয়াম সাধনা করা হয়। আর সঠিক নিয়মে রোজা রাখা যে শরীরের জন্য অনেক উপকারী,তবে সঠিক খাদ্যাভ্যাসের ওপরই নির্ভর করে এর উপকারিতা।
এদিকে,বিশ্বের সকল দেশে খাদ্যাভ্যাস এক না হলেও লেবু জল সাধারণত সবার ইফতারেই দেখা যায়। কিন্তু কেন? কী আছে এই লেবু জলেতে? শুধুই কী স্বাদ নাকি অন্যান্য উপকারিতাও আছে? সারাদিনের তপ্ত রোদে তৃষ্ণার্ত রোজাদারের মন স্বাভাবিকভাবেই জলের দিকে ঝুঁকে থাকে। আর যখন তা হয় বিশুদ্ধ জলেতে লেবু, পরিমাণমত চিনি, সাথে একটু বিট লবণ, তাহলে তো কথাই নেই। তৃষ্ণার সাথে সাথে মনও জুড়িয়ে যায়। শুধু কী তাই, শরীরে তাৎক্ষণিক শক্তি এনে দিতেও এর জুড়ি নেই।এতো গেল মন জুড়ানো কথা। আসলে,রোজা রাখার কারণে শরীরের জল অনেকটাই কমে যায়। যা লেবু জল পানের মাধ্যমে দ্রুত পুনরুদ্ধার করা সম্ভব। লেবু জল শরীরে পানি শোষণ বাড়ায়, বিশেষ করে গরমের দিনে এটি শরীরের জন্য খুবই উপকারী।পাশাপাশি লেবুতে থাকা ভিটামিন সি এবং অ্যান্টিঅক্সিডেন্ট শরীর থেকে টক্সিন দূর করতে সাহায্য করে।ওদিকে লেবু জল হজমের জন্য খুব উপকারী। এটি পেটের অ্যাসিডিটি কমাতে সাহায্য করে এবং হজমের সমস্যা দূর করে। সেইসঙ্গে লেবু একটি খুব ভাল ভিটামিন সি এর উৎস, যা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং সুস্থ থাকতে সাহায্য করে।লেবু জলেতে থাকা শর্করা ও সাইট্রিক অ্যাসিড শরীরে দ্রুত শক্তি প্রদান করে, যা রোজা শেষে তৃষ্ণা মেটানোর পাশাপাশি শরীরকে সজীব রাখে।বলা হয় রোজা রেখে ভিটামিন সি এর প্রয়োজনীয়তা পূরণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে মনে রাখা জরুরি যে, লেবু জলেতে অতিরিক্ত চিনি দেওয়া অনেক সময় ক্ষতির কারণ হতে পারে।
অনেক সময় চিনি শরীরে ক্যালোরি ও গ্লুকোজের পরিমাণ বাড়িয়ে দেয়, যা ডায়াবেটিস রোগীদের জন্য হিতে বিপরীত হতে পারে এবং রোজার স্বাস্থ্যগত সুবিধাগুলো নষ্ট করে ফেলতে পারে।









