
পশ্চিমবঙ্গ রাজ্য মেডিক্যাল কাউন্সিলে একাধিক দুর্নীতির অভিযোগ তুলে উচ্চ পর্যায়ের তদন্ত দাবি করেছেন আর জি কর-র জুনিয়র ডাক্তারেরা।
মঙ্গলবার আর জি কর হাসপাতালে ১২ ঘণ্টার প্রতীকী অনশনে বসেছেন জুনিয়র ডাক্তারেরা। জুনিয়র ডাক্তারদের এই অনশনে যোগ দিয়েছেন সিনিয়র চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মীরা। মঙ্গলবার সকাল ৯টায় আরজি কর হাসপাতালে প্রতীকী অনশনে বসেছেন সাত জন জুনিয়র ডাক্তার। তাঁদের প্রতিনিধি হিসাবে সকালে সাংবাদিক বৈঠক করেন আর জি করের মেডিক্যাল অফিসার তাপস প্রামাণিক। সেখানে জুনিয়র ডাক্তারেরা পশ্চিমবঙ্গ স্বাস্থ্য বিশ্ববিদ্যালয় এবং রাজ্য মেডিক্যাল কলেজের অনিয়ম নিয়ে সরব হন। কাউন্সিলের প্রাক্তন প্রেসিডেন্ট তথা শ্রীরামপুরের তৃণমূল বিধায়ক সুদীপ্ত রায়ের বিরুদ্ধেও তোপ দাগেন আরজি করের জুনিয়র ডাক্তারেরা। তাঁদের কটাক্ষ, যাঁদের নিজেদের এথিক্স নেই, তাঁরা ডাক্তারদের এথিক্স শেখাচ্ছেন। সন্দীপ ঘোষের রেজিস্ট্রেশন বাতিলের পরিকল্পনাও নিয়ম মেনে হয়নি বলে অভিযোগ আরজি করের জুনিয়র ডাক্তারদের। বিতর্কিত দুই চিকিৎসক বিরূপাক্ষ বিশ্বাস এবং অভীক দের বিরুদ্ধে প্রশাসন শাস্তিমূলক পদক্ষেপ করেনি কেন, সেই প্রশ্নও তোলেন জুনিয়র ডাক্তারেরা।









