
ঘূর্ণিঝড় রেমালের দাপট শেষে ধীরে ধীরে স্বাভাবিক ছন্দে ফিরছে সুন্দরবন-সহ একাধিক উপকূলবর্তী এলাকা। তবে ঘূর্ণিঝড়ের ফলে নিশ্চিহ হয়ে গিয়েছে বেশ কিছু এলাকা।
ভেঙে পড়েছে কাঁচা মাটির বাড়ি। উড়ে গিয়েছে টিনের চাল। জমিতে জমিতে ঢুকেছে নোনা জল। এদিকে রেমালের ঘূর্ণিঝড়ের ফলে রবিবার-সোমবার বন্ধ থাকার পর মঙ্গলবার থেকে ফের শুরু হয়েছে ফেরি সার্ভিস। মঙ্গলবার সকালে ডায়মন্ড হারবার থেকে কাকদ্বীপ ৮ নম্বর সহ সমস্ত ফেরি সার্ভিস চালু হয়েছে। আর ফেরি পরিষেবা চালু হতেই যে যার গন্তব্যস্থলে পৌঁছতে ফেরি ঘাটে ভিড় জমিয়েছেন নিত্যযাত্রীরা।









