
বিএসএফের বাঙ্কার উদ্ধারের দু’ কিলোমিটারের মধ্যে ২ রোহিঙ্গাকে গ্রেফতারিতে চাঞ্চল্য ছড়িয়েছে নদিয়ার কৃষ্ণগঞ্জে।
তাহলে অনুপ্রবেশকারীরাই বাঙ্কারে লুকিয়ে ছিল না তো? সেই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে স্থানীয়দের মধ্যে। এমডি জাভেদ এবং মোহাম্মদ নুর নামে দুই যুবককে এলাকায় ঘুরে দেখে সন্দেহ হয় স্থানীয়দের। কৃষ্ণগঞ্জ থানাকে খবর দিলে প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর তাদের দু’জনকে গ্রেফতার করে পুলিশ। পুলিশ সূত্রে খবর, একবছর আগে ভারতে প্রবেশ করে কাজের সূত্রে হায়দরাবাদে পৌঁছান দুই রোহিঙ্গা। ফের নদিয়া হয়ে বাংলাদেশে পালানোর ছক কষেছিলেন তারা। মাটির তলার বাঙ্কারে আশ্রয় নিয়েছিলেন কিনা ধৃত দুজন, তা তদন্ত করছে পুলিশ। উদ্ধার হওয়া নিষিদ্ধ ফেনসিডিল কাশির সিরাপ এদিনই স্পেশ্যাল কোর্টে দাখিল করেন বিএসএফ এবং এনসিবি আধিকারিকরা। তদন্তভারের দায়িত্ব নিয়েছেন এনসিবি আধিকারিকরা। বাংলা অনুপ্রবেশকারীদের কাছে স্বর্গরাজ্য হয়ে উঠেছে বলে এক্স হ্যান্ডেলে তোপ দেগেছেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার।
ভোটের রাজনীতির জন্য খুব সহজেই অনুপ্রবেশকারীদের হাতে ভুয়ো পরিচয়পত্র তুলে দেওয়া হচ্ছে বলে রাজ্যকে তীক্ষ্ণ শ্লেষে বিঁধেছেন সুকান্ত। তাঁর আরও অভিযোগ, এই কারণেই মমতা বন্দ্যোপাধ্যায় বিএসএফের ক্ষমতা হ্রাসে তৎপর।









