
উত্তর-মধ্য নাইজেরিয়ায় বেনুয়ে দুটি পৃথক হামলায় অন্তত ২৫ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। জমি নিয়ে দীর্ঘদিনের দ্বন্দ্ব ও প্রতিশোধমূলক হামলার জন্য পরিচিত এ অঞ্চলে নতুন করে রক্তপাত হয়েছে।
বেনুয়ে রাজ্যের স্থানীয় সরকার পরিষদের চেয়ারম্যান আদাম ওচেগা জানিয়েছেন, আনকপালি এলাকায় এক হামলায় ১৪ জন নিহত হয়েছেন। অন্যদিকে ওই রাজ্যেরই গোয়ের ওয়েস্ট এলাকার নাকা গ্রামে আরও একটি হামলায় ১১ জন নিহত হয়েছেন।
মাত্র একমাস আগেই একই এলাকায় ৪৪ জনের মৃত্যু হয়েছিল। গোয়ের ওয়েস্টের স্থানীয় সরকার চেয়ারম্যান অরমিন ভিক্টর আগের হামলার সময় বলেছিলেন পরিকল্পনা করে এই হামলা করেছে ফুলানি পশুপালকরা।









