
বাংলাদেশে কি মেয়েরা আর খেলতেও পারবে না? এ কোন পথে এগোচ্ছে বাংলাদেশ? বাংলাদেশবাসীর উদ্দেশে অডিয়োবার্তায় সেই প্রশ্ন তুলেছেন প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বুধবার আওয়ামী লীগের ফেসবুক পেজ থেকে অডিয়োবার্তায় হাসিনা বলেছেন, বাংলাদেশের মেয়েরা ফুটবল খেলতে পারছে না। কেন? মেয়েদের খেলার অধিকার নেই কেন। বাংলাদেশে মহিলা ফুটবল দলে সম্প্রতি কোচের সঙ্গে কয়েক জন সিনিয়র ফুটবলারের মনোমালিন্য তৈরি হয়েছে। মহিলা ফুটবলারদের ড্রেসিং রুমের সেই উত্তাপের আঁচ পাওয়া গেল বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী হাসিনার গলাতেও। বাংলাদেশের মহিলা ফুটবল দলের ১৮ জন বিদ্রোহ ঘোষণা করেছেন কোচ পিটার বাটলারের বিরুদ্ধে। ফলে মাঠে অনুশীলনের সময়েও তাঁদের দেখা যাচ্ছে না। বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে নিজেদের অবস্থানের কথাও জানিয়ে দিয়েছেন ১৮ ফুটবলার। এই জটিলতার মধ্যে বাংলাদেশি মহিলা ফুটবলারদের হুমকির মুখেও পড়তে হচ্ছে বলে অভিযোগ। বাংলাদেশের মহিলা ফুটবল দলের প্রসঙ্গ টেনে নারী-পুরুষ সমানাধিকারের পক্ষেও সওয়াল করেন হাসিনা। তিনি বলেন, ক্রিকেট, ফুটবল, হকিতে ছেলে-মেয়ে উভয়েই সুযোগ পেত।
প্রাথমিক স্কুলে মেয়েদের জন্য বঙ্গমাতা গোল্ডকাপ টুর্নামেন্ট এবং ছেলেদের জন্য বঙ্গবন্ধু শেখ মুজিব গোল্ডকাপ টুর্নামেন্ট চালু করা হয়। বাংলাদেশের মহিলা ফুটবলারদের খেলতে বাধা দেওয়া হচ্ছে বলেও অভিযোগ তোলেন আওয়ামী লীগের নেত্রী।








