
শুক্রবার জোরালো ভূমিকম্পে কেঁপে উঠেছে দক্ষিণ আমেরিকা। ইউনাইটেড স্টেটস জিওলজিক্যাল সার্ভে-এর দেওয়া তথ্য অনুযায়ী, রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৭.৫। দক্ষিণ আমেরিকার কেপ হর্ন এবং অ্যান্টার্কটিকার দক্ষিণ শেটল্যান্ড দ্বীপপুঞ্জের মধ্যে অবস্থিত ড্রেক প্যাসেজে অনুভূত হয়েছে এই কম্পন।
ড্রেক প্যাসেজের ভূমিকম্পের পর ইউএসজিএস কোনও সুনামি সতর্কতা জারি না করলেও, প্রশান্ত মহাসাগরের সুনামি সতর্কতা কেন্দ্র চিলির জন্য সুনামি সতর্কতা জারি করে। পিটিডাব্লিউসি-এর পূর্বাভাস অনুযায়ী, ড্রেক প্যাসেজের ভূমিকম্পের জেরে চিলির কিছু উপকূলে আছড়ে পড়তে পারে সুনামির ঢেউ। ইউনাইটেড স্টেটস জিওলজিক্যাল সার্ভে-এর তথ্য অনুযায়ী, প্রায় ১১ কিমি গভীরে ছিল এর উৎসস্থল। ড্রেক প্যাসেজ হলো একটি গভীর ও প্রশস্ত খাঁড়ি যা দক্ষিণ-পশ্চিম আটলান্টিক এবং দক্ষিণ-পূর্ব প্রশান্ত মহাসাগরকে যুক্ত করে।
টেকটোনিক প্লেটের উপর অবস্থিত হওয়ায় এটি ভূমিকম্প প্রবণ এলাকা। চিলিতে সুনামির সতর্কতা জারি হলেও হাওয়াই দ্বীপপুঞ্জে কোনও সুনামি সতর্কতা নেই বলেই জানা গিয়েছে। ভূমিকম্পস্থলের অন্যতম নিকট জনপদ, ৭০০ কিলোমিটার দূরে অবস্থিত আর্জেন্টিনার উওয়াইয়া শহর। এই শহরের জনসংখ্যা ৫৭ হাজার।









