
মহারাষ্ট্র থেকে কলকাতায় আসার পথে গায়েব বিপুল পরিমাণ জীবনদায়ী ইঞ্জেকশন। চুরি গেছে বিপুল পরিমাণ ইনসুলিন, হার্ট অ্যাটাক ও স্ট্রোকের চিকিৎসায় ব্যবহৃত ইঞ্জেকশন, এমনটাই খবর। জানা গিয়েছে, ভিওয়ান্ডি, নাগপুর, রায়পুর, কটক হয়ে কলকাতায় আসার পথে চুরি হয়েছে।
চুরি গেছে ৬টি ব্যাচের বিপুল পরিমাণ জীবনদায়ী ইঞ্জেকশন। চুরি যাওয়া ৬টি ব্যাচের ইঞ্জেকশন নিয়ে সতর্কতা জারি করেছে কেন্দ্রীয় ড্রাগ কন্ট্রোল। সব রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলকে সতর্কও করা হয়েছে। কেন্দ্রীয় ড্রাগ কন্ট্রোলের তরফে সতর্কবার্তায় বলা হয়েছে, চুরি যাওয়া ইঞ্জেকশনগুলি অত্যন্ত সংবেদনশীল, বিশেষ ধরনের আরজিএনএ ইঞ্জেকশন। ২-৪ ডিগ্রি তাপমাত্রায় এগুলিকে সংরক্ষণ ও পরিবহণ জরুরি।
তাপমাত্রার হেরফের হলে এই ইঞ্জেকশনগুলির ব্যবহার বিপজ্জনক হতে পারে। চিকিৎসকদের আবেদন, এ বিষয়ে রোগীদের সতর্ক থাকতে হবে। এই ধরনের ইঞ্জেকশনের ব্যবহারে পার্শ্বপ্রতিক্রিয়া হলে রিপোর্ট করাতে হবে। এই ধরনের ইঞ্জেকশন কিনলে, যথাযথ জায়গা থেকে রশিদ-সহ কেনার পরামর্শ দেওয়া হয়েছে।








