
ব্রাজিলে কপ-৩০ জলবায়ু সম্মেলনে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েন ডজনখানেক আদিবাসী বিক্ষোভকারী। রাষ্ট্রসংঘের আয়োজিত এই সম্মেলনে সহিংসতা অত্যন্ত বিরল হলেও, এ ঘটনায় দুজন নিরাপত্তাকর্মী আহত হয়েছেন।
বার্তা সংস্থা জানিয়েছে,ঘটনাটি ঘটেছে ব্রাজিলের উত্তরাঞ্চলীয় শহর বেলেমে, যেখানে কপ-৩০ সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে।জানা গেছে সম্মেলনস্থলের প্রধান ফটকের নিরাপত্তা ব্যারিকেড ভেঙে আদিবাসী বিক্ষোভকারী ও তাদের সমর্থকেরা ভেতরে প্রবেশের চেষ্টা করেন।এসময় নিরাপত্তাকর্মীরা তাদের বাধা দিলে উভয়পক্ষের মধ্যে ধস্তাধস্তি শুরু হয়। রাষ্ট্রসংঘের জলবায়ু পরিবর্তন দপ্তরের এক মুখপাত্র বলেছেন, ঘটনায় দুজন নিরাপত্তাকর্মী সামান্য আহত হয়েছেন এবং সম্মেলনস্থলের কিছু ক্ষয়ক্ষতি হয়েছে। সংঘর্ষের কিছুক্ষণ পরই পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। বিক্ষোভে অংশ নেওয়া রেডে সাসটেন্টাবিলিদাদে বাহিয়া অ্যাসোসিয়েশন-এর সদস্য মারিয়া ক্লারা বলেছেন, তিনি চান মানুষ আদিবাসীদের দুর্দশার দিকে মনোযোগ দিক। তাঁদের কণ্ঠ সব সময় উপেক্ষিত থাকে।
কপ-৩০ শেষ হয়ে যাবে, কিন্তু বন ও ভূমি ধ্বংস চলতে থাকবে। তাই তারা নিজেদের কণ্ঠ তুলে ধরতে ব্লু জোনে ঢোকার চেষ্টা করেছিলেন।









